সময় বাঁচান ঈদবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদবাজারে কার কী চাই, এক ছাদের নিচেই মিলবে সব। মডেল: তূর্য, ওশিন ও রাইজা, কৃতজ্ঞতা: স্বপ্ন, ছবি: নকশা
ঈদবাজারে কার কী চাই, এক ছাদের নিচেই মিলবে সব। মডেল: তূর্য, ওশিন ও রাইজা, কৃতজ্ঞতা: স্বপ্ন, ছবি: নকশা

এই এলাকায় পোশাক কিনব, ওই বাজারে কাঁচাবাজার করব। কিংবা শাড়ি এক শপিং মল থেকে তো পাঞ্জাবির জন্য যেতে হবে অন্য এলাকার দোকানে। এমন নীতি থেকে অনেকেই সরে এসেছেন আজকাল।
ঈদের বাজারে যেমন ভিড় হয়, তেমনি থাকে জিনিস পছন্দ করার ঝক্কি। এক জায়গায় কেনাকাটা শেষ করে আরেক জায়গায় যেতেই সময় শেষ হয়ে যায়। অনেকেই তাই ঈদের বাজার শেষ করতে ছুটছেন সুপারশপগুলোতে, যেখানে একই ছাদের নিচে মিলছে নানা ধরনের পণ্য। রাজধানীর মণিপুরিপাড়ার স্বপ্ন সুপারশপে পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন ছন্দা আক্তার। তিনি বললেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করি। অফিস শেষে বাসায় ফিরতে সন্ধ্যা। এরপর আবার তৈরি হয়ে একদিন পোশাক কিনতে যাওয়া, আরেক দিন বাসার কিছু থালাবাসন কেনা, এত সময় কোথায় চারদিকে চষে বেড়ানোর। তাই সোজা চলে এসেছি বাসার কাছের এই সুপারশপে।’
দৈনন্দিন জীবনে ব্যস্ততা বাড়ার কারণে সুপারশপের চাহিদাও সমানতালে বাড়ছে বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতার অনেকেই। সুপারশপগুলোতে একই ছাদের নিচে চাল, ডাল, সবজি থেকে শুরু করে গয়না, পোশাক বা আসবাবসহ অনেক কিছুই কেনার সুবিধা পাওয়া যায়। অনেক শপে আছে কাঁচাবাজার, মসলাজাত দ্রব্য, প্রসাধনী। কেনাকাটার ফাঁকে ইফতার বা অন্যান্য খাবার কিনে খাবার সুবিধাও আছে। আবার এসবের বাইরেও আরেকটু বড় পরিসরে অনেকে সাজাচ্ছেন তাঁদের সুপারশপ। যেখানে থাকছে পোশাক, গয়নাসহ নানা কিছু, আসবাব, থালাবাসন বা বেকারি পণ্য। ঘড়ি, জুতা, চশমা, ব্যাগও আছে অনেক শপে। রাজধানীর প্রিন্স বাজারে কেনাকাটা করতে আসা বাহারুল ইসলাম বলেন, ঈদের সময় বাইরে অনেক যানজট থাকে। বাড়ির সবাইকে নিয়ে তাই কেনাকাটা করার বেশ ভালো ব্যবস্থা হলো সুপারশপ। একবারেই প্রয়োজনীয় সব পণ্য কিনে ফেরা যায়। দামটাও বাইরের তুলনায় বেশি নয়।
স্বপ্ন সুপারশপের নির্বাহী পরিচালক সাব্বির হাসান বলেন, ‘সারা বছর প্রতিটি শপেই আমরা বেশ ভালো গ্রাহক পেয়েছি। অন্য বছরের চেয়ে ঈদের বাজারে এবার সবচেয়ে বেশি ভিড় দেখছি। এখানে কেনাকাটা করে ক্রেতাদের অনেকটা সময় বেঁচে যাচ্ছে। তা ছাড়া পণ্যের গুণগত মান নিয়েও ঝামেলা থাকছে না। এক স্থানে বসেই সারতে পারছেন সব ধরনের কেনাকাটা।’

যেসব সুপারশপে যেতে পারেন
স্বপ্ন, প্রিন্স বাজার, আগোরা, মিনা বাজার, ইউনিমার্ট, ডিএসএস, ক্যারি ফ্যামিলি, নন্দন, ফ্যামিলি নিডস, ফ্যামিলি মার্ট, কৃষিবিদ মার্কেট। অনেক সুপারশপেরই একাধিক শাখা আছে ঢাকা ও ঢাকার বাইরের বড় শহরে। নানা এলাকায় শাখা আছে এগুলোর।