
একবার ভাবুন তো, আপনাকে গন্তব্যে যেতে আর বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। কিংবা বাসে ঝুলে পরিচিত দীর্ঘ যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে না, তাহলে কেমন হয়। সকালে ঘুম থেকে উঠেই যদি এমনটি বুঝতে পারেন, তাহলে আপনার দিনটি শুরু হতে পারে অন্যভাবে। সেখানে থাকবে প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি, যা এনে দিতে পারে বাইসাইকেল। এতে যেমন বাঁচবে সময়, তেমনি হবেন দীর্ঘায়ু, সুস্থ থাকবে শরীরও।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রিয়াজুল ইসলাম। এলিফ্যান্ট রোডের নিজের ভাড়া বাসা থেকে তিনি প্রতিদিন সাইকেলে পল্টনে অফিসে যান। সাত থেকে আট মাস হলো তিনি এমন অভ্যাস গড়ে তুলেছেন। গত শনিবার কথা হয় তাঁর সঙ্গে। বললেন, ‘সাইকেল অনেক সময় বাঁচিয়েছে। আগে পাবলিক বাসে অফিসে যেতে লাগত আধা ঘণ্টার বেশি। এখন লাগে মাত্র ১০ মিনিট। বাড়তি সময়টাতে এখন প্রয়োজনীয় অন্য কাজও সেরে নিতে পারি।’
সময়সাশ্রয়ী, পরিবেশবান্ধব, স্বাস্থ্যের জন্য উপকারী এমন অনেক সুবিধাই রয়েছে সাইকেল চালানোয়। কেবল তা-ই নয়, ইদানীং তরুণ প্রজন্মের কাছে তা যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম। তবে সাইকেলকে জনপ্রিয় করতে হলে দরকার নিরাপদ সড়ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসাইবা নুজহাত ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। তিনি বলেন, ‘বন্ধের দিন পরীক্ষা, অ্যাসাইনমেন্টের কোনো চিন্তা থাকে না। সাইকেলে ঘোরার মজাটাই আলাদা।’
গত সাড়ে তিন বছরে আমাদের দেশে সাইকেলের প্রতি মানুষের আলাদা এক ভালোবাসা জন্মেছে বলে মনে করেন বিডিসাইক্লিস্টসের মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী। তিনি বলেন, এ সময়ের মধ্যে দেশে সাইকেল আরোহীর সংখ্যা বেড়েছে ৭০ হাজারের বেশি।
সাধারণত তিন ধরনের সাইকেলের ব্যবহার বেশি দেখা যায়, মাউন্টেন বাইক, রোড বাইক ও কমিউটার বাইক।
সচল রাখে দেহঘড়ি
দেহঘড়ি সচল রাখতে সাইকেল চালানো খুব ভালো ব্যায়াম। সবচেয়ে ভালো ব্যায়াম হাঁটার পরই রয়েছে সাইক্লিং। এতে শরীরে অক্সিজেন সঞ্চালন বাড়ে, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। হৃদ্রোগের ঝুঁকি কমায়। পেশি গঠন, শরীরের কিছু কিছু জোড়া বা সন্ধি সুস্থ রাখে। কিছুটা দ্রুতগতিতে সাইকেল চালালে শরীরের চর্বি পুড়িয়ে ওজন কম রাখতেও সহায়তা করে।
ডা. রওশন আরা
মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ
দিনে দেড় ঘণ্টা সাশ্রয়
প্রয়োজন কিংবা শখের বশে সাইকেল ব্যবহার করেন এমন ব্যক্তিদের সংগঠন বিডিসাইক্লিস্টস গত বছর ২৫০ জনের ওপর একটি জরিপ করে। এতে দেখা গেছে, সাইকেলে যাতায়াতের কারণে ৭৫ শতাংশ সাইকেল আরোহী দিনে অন্তত এক থেকে দেড় ঘণ্টা সময় বাঁচাতে পারছেন। জরিপে দেখা গেছে, দিনের ব্যস্ততম সময়ে (কর্মস্থলে আসা-যাওয়ার সময়) দক্ষিণ যাত্রাবাড়ী থেকে মহাখালী ডিওএইচএসে আসতে গণপরিবহনে সময় লাগে দুই ঘণ্টার বেশি। কিন্তু সাইকেলে তা লাগবে এক ঘণ্টার মতো।
কেনার আগে ও পরে
সাইকেল কেনাটা অনেকটা জামা, জুতা ও স্যান্ডেল কেনার মতো। উচ্চতা অনুযায়ী সাইকেল পাওয়া যায়। আপনার উচ্চতার জন্য কোন সাইকেল উপযোগী, তা সাইকেল চার্ট দেখে জেনে নিতে হবে। এ ছাড়া পায়ের দৈর্ঘ্যের ওপরও সাইকেলের আকার নির্ভর করে। প্রয়োজনের তুলনায় ছোট বা বড় সাইকেল চালালে তা শরীরের ওপর প্রভাব ফেলে এবং পিঠে ব্যথাসহ আরও নানা রকম ভোগান্তি হতে পারে। তাই কেনার সময় সাইকেলটি আপনার সঙ্গে মানানসই কি না যাচাই করে নিন।
ফুয়াদ আহসান চৌধুরী
মডারেটর- বিডিসাইক্লিস্টস
কত দামে কোথায়
সাইকেলের কাঠামো, যন্ত্রাংশ, ব্র্যান্ড, কার্যক্ষমতা ইত্যাদির ওপর দাম নির্ভর করে। ঢাকার বংশাল, ধানমন্ডি ও গুলশানে বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের সাইকেলের বিক্রয়কেন্দ্র গড়ে উঠেছে। দেশি ব্র্যান্ডের মধ্যে ভেলোস, কোর ও নেকরো এবং বিদেশি ব্র্যান্ডের মধ্যে ট্রেক, জায়ান্ট, র্যালেহ, জিটি, কেলিস, ডায়মন্ডব্যাক অন্যতম। বর্তমানে দেশে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মূল্যের সাইকেল পাওয়া যাচ্ছে।
রিদওয়ান কাইয়ূম
পরিবহন প্রকৌশলী