সময় যেখানে অক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢুকতেই একটা বিস্ময়ের চোরা স্রোত খেলে গেল শরীরজুড়ে। সম্রাট শাহজাহানের কামানের পাশে হাজার বছর আগের কোনো বৃক্ষের জীবাশ্ম দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। পোড়ামাটির ফলকে উৎকীর্ণ লিপি কিংবা দেব-দেবীর ভাস্কর্য সময়ের চাকাকে যেন টেনে ধরেছে বহু অতীতের দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে গেলে এমন অনুভূতিতে আচ্ছন্ন হতে পারেন দর্শক।জাদুঘরের পাঁচটি গ্যালারিতে ১০ হাজারের মতো প্রত্ন ও শিল্পসামগ্রী রয়েছে। ১ নম্বর গ্যালারিতে দেখা মিলবে সপ্তম শতকের বাতিদানি, মাছের জীবাশ্ম, পোড়ামাটির ফলক ও কাঠের তৈরি প্রাচীন মানুষের প্রতিকৃতি। গ্যালারির তত্ত্বাবধায়ক আলী হোসেন জানান, জাদুঘরের সবচেয়ে মূল্যবান সংগ্রহ রয়েছে ভাস্কর্য গ্যালারিতে। মাহেশ্বরীর মূর্তি, বিষ্ণু লোকেশ্বর ও মহিষ মর্দিনী বা পোকামুখো দুর্গার মতো দুর্লভ ভাস্কর্য দেখা যাবে এখানে এলে। জাদুঘরে নতুন সংযোজন ইসলামিক গ্যালারি। মসজিদের ছবি, কোরআন শরিফ, কোরআনের বাণী খচিত পিতলের বাটি, ক্যালিগ্রাফি, প্রাচীন মুদ্রা, তরবারি, বল্লম, ঢাল আর তামা-পিতলের মিশ্রণে বানানো থালা দিয়ে সাজানো হয়েছে এই বিভাগ।কারুশিল্পের গ্যালারিতে দেখা যাবে রাজা-বাদশা ও বিবি-বেগমদের অলংকার, কাঠের মূর্তি, হাতির দাঁতের পাখি, ধনুকের খাপ ইত্যাদি। এ ছাড়া শিল্পসংগ্রহ নিয়ে গড়ে তোলা আর্ট গ্যালারিতে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিসহ বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন প্রতিষ্ঠালগ্ন থেকেই ছিলেন এই জাদুঘরের সঙ্গে। এই জাদুঘর নিয়ে লিখেছেন স্টোন স্কাল্পচার ইন চিটাগাং ইউনিভার্সিটি মিউজিয়াম নামের বই। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৪ সালের ১৪ জুন ৩০টি সংগ্রহ নিয়ে যাত্রা শুরু এই জাদুঘরের। তিনি বলেন, ‘এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জাদুঘর। শিক্ষা ও গবেষণায় অবদান রাখবে এমন চিন্তা থেকেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।’ তিনি জানান, জাদুঘরের ভাস্কর্য বিভাগ ও মুদ্রার সংগ্রহশালা বেশ সমৃদ্ধ। প্রশিক্ষিত লোকবল না থাকাটা জাদুঘরের একটি প্রধান সমস্যা বলে মনে করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণার জন্য তথ্য-উপাত্ত খুঁজতে নিয়মিত জাদুঘরে আসেন। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, এখানে ইতিহাস, বাংলা, ইসলামের ইতিহাস, চারুকলা, এমনকি পদার্থবিদ্যার শিক্ষার্থীরাও আসেন গবেষণার উদ্দেশ্যে। উদ্ভিদবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী তাফরিন মজিদ ও ফারজানা হক বললেন, ‘ইতিহাসকে এভাবে কাছ থেকে দেখা খুব ভাগ্যের।’ তবে তাঁদের অভিযোগ, সংগৃহীত জিনিস সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেই। জাদুঘরের বর্তমান কিউরেটর অধ্যাপক ইমরান হোসেন এ প্রসঙ্গে লোকবলসংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহের মতো অর্থ জাদুঘরের নেই। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বরাদ্দ কমে গেছে। এ ছাড়া পর্যাপ্ত লোকবলও নেই বলে তিনি জানান।