জীবনে অনেক পরিশ্রম আর সাধনার পর আজকের অবস্থানে এসেছেন চাটগাঁর ছেলে পার্থ বড়ুয়া। গান আর অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটছে তাঁর। কথা বলার সময় বের করাই মুশকিল। তবু এত ব্যস্ততার মধ্যেও সময় দিলেন। দিন কয়েক আগে রাত ১২টায় সোলসের স্টুডিওতে শোনালেন নানা গল্প। শুরুতেই অভিনয়ের প্রসঙ্গ এল। জানালেন, সিনেমায় অভিনয় করবেন না। সেই বয়সও তাঁর নেই। সোলসের নতুন অ্যালবাম জ্যাম বের হওয়ার পর ব্যস্ততা বেড়েছে। গান লেখা, সুর দেওয়া, রেকর্ডিং তো আছেই, দেশ-বিদেশের নানা জায়গা থেকে স্টেজ শোর ডাক পড়ে। এরপর আড্ডা দেওয়ার সময় কোথায়।পার্থ জানান, ছোটবেলা থেকে কড়া শাসনে ছিলেন। পড়তেন চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুলে। স্কুল পালিয়ে কোনো কিছু করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। বড় হয়েছেন সিটি কলোনিতে। সেই কলোনির গণ্ডির মধ্যে পার করেছেন শৈশব-কৈশোরের কানামাছি খেলার দিনগুলো। খেলাধুলায় ছিলেন ভীষণ পারদর্শী। গায়ক না হলে হয়তো খেলোয়াড়ই হতেন। ফুটবল, ক্রিকেট—দুটোই সমান তালে খেলতে পারতেন।পার্থ বড়ুয়ার তারকা পার্থ হয়ে ওঠার পেছনে আড্ডার একটা অবদান আছে। স্কুলের গণ্ডি পার হয়ে বন্ধু হিসেবে পেয়েছিলেন প্রয়াত সত্যজিৎ বড়ুয়াকে (ময়না)। তাঁর রেলওয়ে কলোনির বাসায় আড্ডা হতো। মা ছিলেন রেলওয়ের চিকিৎসক। ময়না গান গাইতেন, কি-বোর্ড বাজাতেন। তাঁর কি-বোর্ডেই পার্থের হাতেখড়ি। গানের নেশা তৈরি হয় তখনই। ভেবেছিলেন দুজনে মিলে একট ব্যান্ড দল গড়বেন। কিন্তু হয়ে ওঠেনি। পরে ময়না কয়েকজন বন্ধুর সঙ্গে ভিডিও সিডির ব্যবসা শুরু করেন। বিকেল হলেই সেখানে আড্ডা দিতে আসতেন তাঁর বন্ধু তারেক, পারভেজ, দিদার, পান্না, বাদল, বিধান, সবুর, রতন, ফাহিম ও শাম্মী। সেই আড্ডায় হাজির হতেন পার্থও। দেশ-বিদেশের বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পীদের নিয়ে কথা হতো। শিল্পী হওয়ার বীজটা হয়তো তখনই অঙ্কুরিত হয়ে উঠছিল সবার অলক্ষে।চট্টগ্রামে তরুণ পার্থের সময়টা ছিল স্বপ্ন দেখার। নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছেন এই শহরেই। কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন ম্যাসেজ নামের একটি ব্যান্ড দল। রিহার্সেল হতো সেন্ট মেরিস স্কুলে। ড্রামার ফান্টি ছিলেন সঙ্গী। আইয়ুব বাচ্চু যেতেন সেখানে। গান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আলাপ হতো। তবে সেটা কাজের কথাই। পার্থ এটাকে আড্ডা বলতে চান না। গানের নেশা তখন ভালোই পেয়ে বসেছে তাঁকে। একসঙ্গে ৫০-৬০টা গানও করেছেন। সেন্ট মেরিস স্কুলে যেখানে প্র্যাকটিস হতো, তার পাশেই ছিল কবরস্থান। আশ-পাশে কোনো খাবারের দোকান ছিল না। খাবার কিনতে আসতে হতো আন্দরকিল্লার জামান হোটেলে। বিরিয়ানি খেতে খেতেও চলত আড্ডা।বছরে একবার গরমের ছুটিতে পরিবারের সবাই মিলে রাঙ্গুনিয়ার ইছামতি গ্রামের বাড়ি যেতেন। প্রায় এক মাস সময় কাটাতেন সেখানে। সারা বছর অপেক্ষা করতেন এই সময়ের জন্য। তখন গ্রামের ছেলেদের সঙ্গে মেতে উঠতেন খেলাধুলায়, আড্ডায়।শত ব্যস্ততার ফাঁকে এখনো পুরোনো বন্ধুদের সময় দেন পার্থ। চট্টগ্রামে এলে কোনো বন্ধুর বাসায় জমে যান আড্ডায়।হয়তো ক্ষণিকের জন্য হলেও ফিরে পান তারুণ্যের দুরন্ত দিনগুলোকে।