সময়টা শুধুই ভর্তি-প্রস্তুতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষ। তবে এবার আর নেই কোনো অবসর। এইচএসসির পরের সময়টায় আর ফাঁকিজুকি দেওয়ার জো নেই। তাহলে নিজের ফাঁকিতে পড়তে হবে নিজেকেই। কথা হলো সম্প্রতি এইচএসসি পরীক্ষা শেষ করেছেন এমন কয়েকজনের সঙ্গে। নটর ডেম কলেজের বিজ্ঞানের ছাত্র পঙ্কজ দাস, ইরফান-উল হাসান, তমাল হোসেন, ব্যবসায় শিক্ষার ওয়াসেক উদ্দিন আহমেদ, মানবিকের সেলিম হোসেন, হলিক্রস কলেজের ব্যবসায় শিক্ষার ছাত্রী চৈতি ডলরোজা গমেজ, ভিকারুননিসা নূন কলেজের ব্যবসায় শিক্ষার ছাত্রী জান্নাতুল ফেরদৌস মৌরি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মানবিকের ছাত্রী তানজিন মাহজাবীন, ঢাকা সিটি কলেজের ব্যবসায় শিক্ষার ছাত্রী রিজান জাহান ও জুমারা মাহজাবীনের সঙ্গে। গল্পে গল্পে শোনা হলো তাঁদের স্বপ্ন, ক্যাম্পাস আর ভবিষ্যৎ ভাবনা নিয়ে।জীবনের লক্ষ্যটা যেমন‘মাঝি ছাড়া নৌকা যেমন তীরে পৌঁছাতে পারে না, তেমনি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়...’ শিক্ষকের দেওয়া ‘তোমার জীবনের লক্ষ্য’ রচনার উত্তরে ‘আমার জীবনের লক্ষ্য’ লিখতে গিয়ে প্রায় সবাই আমরা এভাবেই লিখতাম। তারপর শুরু হতো নিজের পছন্দের পেশা নিয়ে গল্প। এভাবেই শুরু করেন নটর ডেম কলেজের বিজ্ঞানের ছাত্র পঙ্কজ দাস। তাঁর ছোটবেলায় জীবনের লক্ষ্য ছিল পাইলট হওয়া। এখন হতে চান কম্পিউটার প্রকৌশলী। শার্লক হোমস পড়তে পড়তে ঢাকা সিটি কলেজের রিজান জাহানের ছোটবেলার লক্ষ্য ছিল গোয়েন্দাকর্মী হওয়ার। তারপর মাথায় চাপে সাংবাদিক হওয়ার স্বপ্ন। শেষমেশ সেটিও স্থায়ী হয়নি। এখন হতে চান ব্যাংকার।জুমারা মাহজাবীনও আদর্শ চিকিৎসক হয়ে নিজ গ্রামের লোকদের সেবা করার স্বপ্ন দেখেছেন একদিন। তবে এখন তিনি ব্যাংকে কোনো বড় পদে চাকরি করতে চান। আর ইরফান-উল হাসানের পুরো পরিবার যেখানে তাঁকে চিকিৎসক বানানোর চেষ্টায় লিপ্ত, তখন তিনি হতে চান শিক্ষক। এদিকে ওয়াসেক উদ্দিন আহমেদের লক্ষ্য ছিল প্রকৌশলী হওয়ার, এখন হতে চান ব্যাংকার। না, নিজের ইচ্ছায় নয়, বাবার ইচ্ছায়। ‘বাবা ছিলেন ব্যাংকার। আজ বাবা নেই। তাই বাবার মতো ব্যাংকার হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাই।’ এভাবেই বললেন তিনি। সেলিম হোসেন আর তানজিন মাহজাবীনের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল মানবিক নিয়ে পড়া। মানবিক পড়লে জানা যায় মানবিক বিকাশের বিভিন্ন পর্যায়, সেটাই বললেন সেলিম। তমাল অবশ্য চিকিৎসকই হতে চান।লক্ষ্য এখন ভর্তি পরীক্ষা‘ছোটবেলায় আমাদের লক্ষ্য যা-ই থাকুক না কেন, অথবা পরিবর্তিত হয়ে যত নতুন রূপ ধারণ করুক না কেন, এখন সবার মূল লক্ষ্য একটাই—“মহা সমারোহে আসিতেছে ভর্তি পরীক্ষা”।’ এভাবেই সবাইকে হাসিতে মাতালেন রিজান জাহান। সঙ্গে সঙ্গেই চৈতি বলে উঠলেন, ‘হেসো না ভাই...সামনে বড়ই কঠিন সময়।’পঙ্কজ অবশ্য আশ্বস্ত করলেন এই বলে, ‘শোনো, আমরা যখন ক্লাস ফোর শেষ করি, তখন ক্লাস ফাইভ আর বৃত্তি পরীক্ষা কত কঠিন—এই ভেবে ভয় পেতাম। তারপর ক্লাস এইটের বৃত্তির পড়া। ওটা শেষ করলাম। এখন আবার মোটা মোটা ক্লাস নাইনের বই দেখে কত না ভয় পেয়েছি। গেল সেটাও। এরপর কলেজের পড়া নিয়ে ভয়। এখন আবার ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে ভয়। সব ভয় যখন পার করে ফেলেছি, এবারও পারব। আর ঠিকমতো মনোযোগ দিয়ে পড়লে ঠেকায় কে!’পঙ্কজের লক্ষ্য এখন বুয়েট। কোনোভাবে বুয়েটের ভর্তি পরীক্ষা খারাপ হয়ে গেলে দ্বিতীয় পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান।ইরফানের লক্ষ্যও বুয়েট। তবে পছন্দের বিষয় যন্ত্রকৌশল। বলবিদ্যায় বেশ জ্ঞান রাখেন তিনি—হাসতে হাসতে নিজেই বলে উঠলেন। ওয়াসেকের লক্ষ্য ঢাবির আইবিএ অথবা ব্যবসায় প্রশাসনের ফিন্যান্স। জুমারার লক্ষ্যও তা-ই। আর রিজানের ইচ্ছা সিএ পড়ার। তানজিনের লক্ষ্য একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি। দেশের একজন বড় অর্থনীতিবিদ হতে চান তিনি। মৌরি পড়তে চান ফিন্যান্স। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ই হলো লক্ষ্য এখন। তমালের লক্ষ্য মেডিকেল। ঢাকা মেডিকেল কলেজে পড়ার দুর্বার ইচ্ছাটা ছিল তাঁর ছোটবেলা থেকেই।ইচ্ছা আর স্বপ্ন তো কতই সবার! তবে সব স্বপ্নের পথেরই আজ এক মোহনা—ভর্তি পরীক্ষা। এ মোহনা অতিক্রম করে পাড়ি দিতে পারলেই অনুমতি পাওয়া যাবে মহাসাগরে। এ নিয়ে একই সঙ্গে চিন্তায় অস্থির আবার মা-বাবারাও। সবার স্বপ্নপূরণ মানেই তো নিজের স্বপ্নপূরণ। সে স্বপ্ন পূরণের পথে শুরু হয়ে গেছে সবার মহা প্রস্তুতি। ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে হবে আর কিছুদিন পরই। সফল হোক সবার এই কঠিন স্বপ্নীল উড়াল।