
কষ্টের জমানো টাকায় ঢাকা শহরে একটি ফ্ল্যাট কেনার জন্য আবাসন নির্মাতার (ডেভেলপার) সঙ্গে চুক্তি করলেন। চুক্তি অনুযায়ী কিস্তির সব টাকাও পরিশোধ করেছেন। কথা ছিল, সব কটি কিস্তি পরিশোধ করার তিন মাসের মধ্যেই আপনাকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু মূল্য পরিশোধে করার তিন মাস পার হয়ে গেলেও নির্মাতাপ্রতিষ্ঠান আপনাকে ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে না। একেক সময় একেক কথা বলে আপনাকে দিনের পর দিন শুধু আশ্বাসই দিয়ে আসছে। শেষমেশ বুঝতে পারছেন, আপনি প্রতারণার শিকার হচ্ছেন। এখন আপনি কী করবেন। দেশে বিদ্যমান আইনে আপনি প্রতিকার চাইতে পারেন। আইনের আশ্রয় নিয়ে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফ্ল্যাটটিও বুঝে নিতে পারেন।
কীভাবে আইনের আশ্রয় নেবেন
রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আপনি প্রতিকার পেতে পারেন। যদি আবাসন নির্মাতা চুক্তি অনুযায়ী তাঁর অঙ্গীকার রক্ষা না করেন, কোনো ধরনের প্রতারণা করেন, তাহলে এ আইনের আশ্রয় গ্রহণ করা যায়। এ আইন অনুযায়ী প্রথমেই আবাসন নির্মাতার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। যদি আলোচনা ব্যর্থ হলে বিষয়টি সালিস আইন-২০০১ অনুযায়ী সালিসি ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে। ৩০ দিনের মধ্যে পক্ষগণ ট্রাইব্যুনাল গঠনে ব্যর্থ হলে ক্রেতা আদালতে মামলা করতে পারবেন। অর্থাৎ, প্রথমেই আদালতে মামলা করা যাবে না। মামলা করতে হবে প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এই আইনের অধীন অপরাধগুলো আপসযোগ্য, জামিনযোগ্য ও অ-আমলযোগ্য। অপরাধ প্রমাণিত হলে দায়ী ব্যক্তি বা কোম্পানির মালিককে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
যা মানতে হবে
ফ্ল্যাট কিনতে হলে প্রথমেই আবাসন নির্মাতার সঙ্গে চুক্তি করতে হবে এবং এ চুক্তিতে কোন সময়ে ফ্ল্যাট হস্তান্তর করা হবে, এ বিষয় স্পষ্ট উল্লেখ থাকতে হবে। চুক্তির ভিত্তিতে আবাসন নির্মাতা আপনাকে পছন্দসই ফ্ল্যাট বরাদ্দ দেবেন এবং আপনার বিনা অনুমতিতে বরাদ্দ করা ফ্ল্যাট পরিবর্তন করতে পারবেন না। চুক্তিতে উল্লিখিত শর্তের বাইরে অতিরিক্ত কোনো অর্থ দিতে আপনি বাধ্য নন। মনে রাখতে হবে, আইন অনুযায়ী ফ্ল্যাটের কিস্তির কিংবা পুরো টাকা পরিশোধের তিন মাসের মধ্যে আবাসন নির্মাতা আপনাকে দখল হস্তান্তর, দলিল সম্পাদন ও নিবন্ধনের যাবতীয় কাজ সম্পাদন করে দেবেন। হস্তান্তরকালে আয়তন কমবেশি হলে তার মূল্য ক্রয়মূল্য অনুযায়ী তিন মাসের মধ্যে সমন্বয় করতে হবে। আপনি ফ্ল্যাটের মূল্য ব্যাংকের মাধ্যমে এককালীন বা কিস্তিতে পরিশোধ করতে পারেন। আপনি এককালীন বা কিস্তিতে মূল্য পরিশোধে ব্যর্থ হলে আবাসন নির্মাতা ৬০ দিন আগে নোটিশ দিয়ে বরাদ্দ বাতিল করতে পারবেন। এ ক্ষেত্রে আবাসন নির্মাতা আপনার জমা করা অর্থ পরবর্তী তিন মাসের মধ্যে চেকের মাধ্যমে একসঙ্গে ফেরত দিতে বাধ্য থাকবেন। নির্মাতা যদি নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তরে ব্যর্থ হন, তাহলে চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণসহ সব অর্থ আপনাকে ছয় মাসের মধ্যে ফেরত দেবেন। তবে চুক্তিতে ক্ষতির পরিমাণ উল্লেখ না থাকলে তা পরিশোধিত অর্থের ওপর ১৫ শতাংশ হারে নির্ধারিত হবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট