সময়মতো প্লট হস্তান্তর হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ও মধ্যবিত্ত নগরবাসীর আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্লট তৈরি করে বিক্রি করে। কিন্তু প্লট তৈরি ও হস্তান্তর-প্রক্রিয়ার ধীরগতির কারণে ক্রেতারা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সিটি করপোরেশনের দুটি প্রকল্পের মধ্যে নাসিরাবাদ এলাকায় অবস্থিত কোবে সিটি হাউজিংয়ের উন্নয়ন ও প্লট হস্তান্তরের কাজ আইনি জটিলতার কারণে আটকে আছে। লেক সিটি হাউজিংয়ের উন্নয়নকাজ ১ জানুয়ারি শুরুর কথা ছিল। কিন্তু এক মাস পার হতে চললেও তা এখনো শুরু হয়নি।চউক যেসব আবাসিক প্রকল্প নিয়েছে, তার মধ্যে সর্বশেষ কল্পলোক প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্লট হস্তান্তরের কাজ শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ের প্লট তৈরি ও বিক্রির কাজ বাতিল করেছে চউক। অনন্যা আবাসিক প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এখানকার ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা এখনো প্লট পাননি। এরই মধ্যে চউকের কর্মচারীরাও সেখান থেকে একটি নির্দিষ্ট সংখ্যক প্লটের জন্য আন্দোলন করছেন।চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে জানান, অনন্যা আবাসিক প্রকল্পের ক্ষতিগ্রস্তদের আবেদন যাচাই-বাছাই চলছে। শিগগির এসব প্লট হস্তান্তর করা হবে। তিনি বলেন, ‘কল্পলোক তৃতীয় পর্যায়ের প্রতিটি প্লটের দাম পড়ত কাঠাপ্রতি ২৫ লাখ টাকা। আগে যেখানে প্রতি কাঠা ছয় লাখ টাকায় বিক্রি হয়েছে, সেখানে এত বেশি টাকায় প্লট তৈরি ও বিক্রি সম্ভব নয়। তাই এটি বাতিল করা হয়েছে। তবে আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা ইতিমধ্যে ৫০০ ফ্ল্যাট তৈরির উদ্যোগ নিয়েছি। তা ছাড়া একটি বড় আবাসিক এলাকার জন্য জায়গা বাছাইয়ের কাজও চলছে।’ সিটি করপোরেশন: সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নাসিরাবাদ এলাকায় কোবেসিটি হাউজিং এবং বিশ্বকলোনি এলাকায় লেকসিটি নামে দুটি বড় আবাসিক এলাকা তৈরি করেন। কিন্তু গত ১০ বছর পার হয়ে গেলেও কোবেসিটির প্লট হস্তান্তর করা হয়নি ক্রেতাদের কাছে। জানা গেছে, পাশের জায়গার মালিক আবুল খায়ের গ্রুপের সঙ্গে সীমানাবিরোধ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব প্লট হস্তান্তর করা যাচ্ছে না। আবুল খায়ের গ্রুপ অভিযোগ করেছে, মালিকানার চেয়ে বেশি ভূমি নিয়েছে সিটি করপোরেশন।অন্যদিকে লেকসিটি হাউজিং সোসাইটির প্লট ক্রেতারা পুরো অর্থ পরিশোধ সত্ত্বেও তাঁদের জায়গা বুঝে পাননি। জানা গেছে, এটিকে আবাসিক এলাকা হিসেবে গণপূর্ত মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের আংশিক ছাড়পত্রও রয়েছে। প্লট বুঝে পাওয়ার দাবিতে ইতিমধ্যে ক্রেতারা সংবাদ সম্মেলন করেছেন। মেয়রের সঙ্গেও দেখা করেছেন। তাতেও কোনো ফল হয়নি। পুরো ভূমি এখনো টিলাখিলা অবস্থায় পড়ে আছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, লেকসিটিতে মোট প্লটের সংখ্যা ৪৯২টি। কিন্তু করপোরেশন থেকে দাবি করা হচ্ছে সেখানে মোট প্লট হবে ৫৪৭টি। অথচ অবশিষ্ট ৫৫টি প্লটের জায়গা সেখানে নেই। প্লটের ক্রেতারা অভিযোগ করেছেন, মূল মালিকদের কম জায়গা দিয়ে একশ্রেণীর কর্মকর্তা কর্মচারী নিজেদের ও আত্মীয়দের নামে প্লট তৈরি করার জন্য এ অতিরিক্ত প্লটের হিসাব তৈরি করছেন। লেকসিটি হাউজিং মালিক সমিতির সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্লটের জন্য অপেক্ষা করতে করতে আমাদের অনেক সদস্য মারা গেছেন। অনেকে গ্রামের জমি বিক্রি করে এখানে প্লট কিনেছেন। অনেকে অবসরের সময় পাওয়া টাকায় প্লটের মূল্য পরিশোধ করেছেন। কিন্তু প্লটের দেখা মেলেনি। এ নিয়ে আজ কালের মধ্যেই আমরা মেয়রের সঙ্গে আবার দেখা করব।’ তবে সিটি করপোরেশনের খুলশী ভিআইপি আবাসিক এলাকার প্রায় সব প্লট বিক্রি ও হস্তান্তর করা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।একাধিক প্লট ক্রেতা অভিযোগ করেছেন, তাঁদের কাছ থেকে তাড়াহুড়ো করে সব টাকা নিয়ে নিয়েছে সিটি করপোরেশন। এরপর চুপচাপ। এখন তাঁরা বুঝতে পারছেন না, কবে প্লট পাবেন। সরকারি প্লট ভেবে নিশ্চিন্তে টাকা দিয়ে এখন ভোগান্তি পোহাতে হচ্ছে।সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, লেকসিটি আবাসিক এলাকার উন্নয়নকাজ অল্পদিনের মধ্যেই শুরু হবে। পরিবেশ অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মেনে প্রাকৃতিক ভূমির যাতে কোনো ক্ষতি না হয় সেভাবেই উন্নয়নকাজ করা হবে। যে অতিরিক্ত প্লটের কথা বলা হচ্ছে সে ব্যাপারে মেয়র বলেন, ‘ওই প্লটের জন্য আশপাশে ভূমি দেখা হচ্ছে।’