সময়সীমার চার মাস পরও কাজ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্রের কার্যাদেশ অনুযায়ী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের কাপের্টিংসহ সংস্কারকাজ শেষ হওয়ার কথা গত বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে পার হয়েছে আরও চার মাস। কিন্তু এখনো শেষ হয়নি কাজ। উল্টো গত এক মাস ধরে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন।স্থানীয় লোকজনের অভিযোগ, শুরু থেকে সংস্কারকাজ চলেছে ধীর গতিতে। বর্ষার আগে কাজ শেষ না হলে সড়কে চলাচলকারী মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে পৌঁছবে।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়ক কার্পেটিংসহ সংস্কার করার জন্য ২০১০ সালের নভেম্বর মাসে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সংস্কারকাজের দায়িত্ব পান আরকান ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্পেটিংয়ের পাশাপাশি সড়কের দুই পাশে প্রতিরোধক দেয়ালও (গাইডওয়াল) নির্মাণ করার কথা রয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০১০ সালের ডিসেম্বর মাসে কাজ শুরু করে ২০১১ সালে সেপ্টেম্বর মাসে কাজ শেষ করার কথা। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি-চালিয়াতলি সড়কের প্রায় এক হাজার ৮০০ মিটারে বিছানো ইটের খোয়া (মেকাডম) কিছু স্থান থেকে উঠে যাচ্ছে। এখনো প্রতিরোধক দেয়াল নির্মাণ করা হয়নি। বর্তমানে কাজও বন্ধ।মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঠিকাদারের লোকজন নিজের ইচ্ছেমতো কাজ করছেন, আবার বন্ধ করে দিচ্ছেন। এর আগে টানা সাত মাস কাজ বন্ধ ছিল। অক্টোবরে আবার শুরু করলেও জানুয়ারি মাস থেকে সংস্কারকাজ বন্ধ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।’ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাসেম জানান, ঠিকাদারের গাফিলাতির কারণে সংস্কারকাজ চলছে ধীর গতিতে। জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার উত্থাপন করা হলেও কোনো কাজ হচ্ছে না। ঠিকাদারের নিয়োজিত ব্যবস্থাপক মোহাম্মদ শফিক বর্তমানে কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে জানান, এক হাজার ৯০০ মিটারের মধ্যে এক হাজার ৮০০ মিটারের মেকাডমের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের কাজ আগামী সপ্তাহে শুরু হবে। আর খালের পানির কারণে গাইডওয়াল দেওয়া এখনো সম্ভব হয়নি। ওই সড়কের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে আরও চার মাস লাগবে। এ প্রসঙ্গে কাজের তদারকি কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী আশকার ইবনে আমিন জানান, সড়কের সংস্কারকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। এ কারণে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।