সময়সূচি পরিবর্তন, গুচ্ছ পদ্ধতি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা হবে।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন।
জেলা ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, নতুন সময়সূচি অনুযায়ী পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির পরীক্ষা। এ ছাড়া ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির আর বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত হবে সপ্তম শ্রেণির পরীক্ষা।
অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ছিল ১৯, ২১ ও ২৩ ডিসেম্বর। কিন্তু ওই সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে আসার কথা রয়েছে। তখন প্রশাসনিক ব্যস্ততা থাকবে। তাই ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
এদিকে ৪ নভেম্বর অনুষ্ঠিত সভায় এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় নগরের বিদ্যালয়গুলোকে চারটি গুচ্ছে ভাগ করা হয়। কিন্তু বৃহস্পতিবারের সভায় ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
গুচ্ছ পদ্ধতি বাতিল করা প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক দৌলতুজ্জামান খান বলেন, গুচ্ছ পদ্ধতি ঢাকা মহানগরের জন্য প্রযোজ্য। চট্টগ্রামের জন্য এই পদ্ধতি প্রযোজ্য নয়। তাই এই পদ্ধতি বাতিল করা হয়েছে। এখন একবারই পরীক্ষা নেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) শারমিন আখতার জানান, এবার ফরম পূরণ থেকে শুরু করে ফলাফল প্রকাশসহ ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। আর অনলাইনের মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।