সময়ের আগেই হরতাল শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল শুরুর আগেই শেষ হয়ে গেছে ইসলামপন্থী ১২টি সংগঠনের ডাকা ৩০ ঘণ্টার হরতাল। হরতালের শেষ ছয় ঘণ্টায় গতকাল সোমবার সকাল থেকেই নগরে পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়। আগের রাত (রোববার) সন্ধ্যার পর থেকে ট্রাক-কাভার্ড ভ্যানের মতো বড় বড় যানবাহন চলতে শুরু করেছে। গতকাল শহর ও আশপাশের এলাকায় কোথাও পিকেটারদের দেখা যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি। অথচ হরতালের প্রথম দিন নগর পুলিশ বিভিন্ন স্থান থেকে ৪৯ জনকে আটক করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন কড়া হরতাল হয়েছে হাটহাজারী উপজেলা সদরে। এখানকার দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করায় এই কড়া হরতাল হয়। হরতালে যানবাহন তো দূরের কথা, একটি রিকশাও চলতে দেওয়া হয়নি। তবে গতকাল সকালে তাঁরা সড়কে নামেননি। শুধু কলেজগেটের সামনে জমায়েত হন। এ প্রসঙ্গে জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘এখানে সকাল ১০টায় হরতাল শেষ হয়ে গেছে।’ কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, সকাল থেকে নগরের কোথাও পিকেটারদের দেখা যায়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। হরতালের দৃশ্যও চোখে পড়েনি। মানুষের জীবনযাত্রাও ছিল স্বাভাবিক। সরেজমিন দেখা যায়, গতকাল সকাল থেকে নগরের সব কটি সড়কেই স্বাভাবিক যান চলাচল শুরু হয়। দুপুরের আগেই বহদ্দারহাট, মুরাদপুর ও জিইসি মোড়সহ ব্যস্ত এলাকাগুলোতে যানজটও শুরু হয়। তবে সরকারি ও বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ ছিল। বিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীরা যায়নি। কিছু কিছু বিদ্যালয়ে দুপুর ১২টার পর ক্লাস চলতে দেখা গেছে। বন্দর সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে চট্টগ্রাম বন্দরের জেটি ও ইয়ার্ড থেকে বাইরে পণ্য সরবরাহ স্বাভাবিক ছিল। জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজও ছিল স্বাভাবিক। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, হরতালের কারণে পণ্য ওঠানো-নামানো ও সরবরাহের কাজে কোনো ব্যাঘাত ঘটেনি।