সময়ের ফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষটার চোখে-মুখে রাজ্যের বিষণ্নতা। একটু আগেও কি কোনো এক নিভৃত কোণে বসে তিনি মুছছিলেন চোখের জল? ছবির ক্যাপশন আর খবরের শিরোনাম যেন সন্দেহটাকে আরও বেশি গাঢ় করে তোলে—‘রোনালদিনহো: মন খারাপ করে চলে গেছেন বাড়ি।’ এবং ‘খেলাই দেখবেন না রোনালদিনহো!’ (সূত্র: প্রথম আলোর বিশেষ আয়োজন বিশ্বকাপের বাঁশি, ১৩ জুন ২০১০) রোনালদিনহো নামটার মানে নাকি ‘খুদে রোনালদো’। অবিশ্বাস্য সব ফ্রি-কিক নিয়ে কত বাহবাই না পেয়েছেন এই তরুণ। তাঁর সেই বিখ্যাত দেঁতো হাসি দেখে হূদয় উথাল-পাথাল হয়েছে কত ফুটবল সমর্থকের। এই বাংলাদেশের ঘরে ঘরেই তো মাত্র চারটি বছর আগে শোভা পেয়েছে তাঁর হাস্যোজ্জ্বল পোস্টার। অথচ আজ? বিশ্বকাপের মাঠে এবার আর পড়বে না তার ‘পায়ের চিহ্ন’। কারণ কোচ দুঙ্গার গড়া ব্রাজিল দলে জায়গা হয়নি রোনালদিনহোর। অনাকাঙ্ক্ষিত এই ছুটি নিয়ে তিনি তাই অগত্যা চলে গেছেন গ্রামের বাড়ি। জানিয়েছেন—টিভিতেও আর খেলা দেখবেন না। হয়তো কাটা ঘায়ে আর নুনের ছিটা লাগাতে চান না বলেই। রোনালদিনহো একা নন। একই ভাগ্য বরণ করে নিয়েছেন ইংল্যান্ডের ডেভিড বেকহাম, মাইকেল বালাক আর ইতালির আন্তোনিও কাসানো এবং আরও অনেকে। হায়! বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাঁপানো আসরের হিসাব-নিকাশ বোঝা সত্যিই মুশকিল। আর সময় কত না নিষ্ঠুর। আজ যাঁকে নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি। যাঁর নামে সারা বিশ্ব উন্মাতাল। কাল তাঁর দিকে ফিরে চাইবার কেউ নেই। সময়ের ফেরে ধূসর হয়ে আসে সবকিছু। তারকাদের ভাগ্যলিপি বুঝি চিরকাল এমনভাবেই লেখা হয়ে থাকে। —ইকবাল হোসাইন চৌধুরী