সময়ের ভাস্কর্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিকুল ইসলামের ভাস্কর্যায়ন শিরোনামে আয়োজিত প্রদর্শনী দেখছেন দর্শক l প্রথম আলো
আতিকুল ইসলামের ভাস্কর্যায়ন শিরোনামে আয়োজিত প্রদর্শনী দেখছেন দর্শক l প্রথম আলো

দেয়ালে ঝোলানো অনেকগুলো কাঠের মুখ। মুখে চিটকানি ও তালা। কথা বলা যাবে না! এমন আর্তিই যেন উঠে আসছে নিশ্চল মুখগুলো থেকে। সময়কে এভাবেই ধরেছেন ভাস্কর মো. আতিকুল ইসলাম। শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদীন গ্যালারিতে গত ২৭ মার্চ শেষ হলো তাঁর চার দিনব্যাপী একক শিল্পকর্মের প্রদর্শনী। ভাস্কর্যায়ন শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল ভাস্কর্য ও টেরাকোটা মাধ্যমে করা ২৬টি শিল্পকর্ম।
আতিকুল ইসলামের এটি তৃতীয় একক প্রদর্শনী। তাঁর দেখার চোখ নিজস্ব অভিজ্ঞতা জারিত। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রকৃতি ও মানুষকে নিজস্ব ভাবনায় রূপায়ণ করেন তিনি। মুখের অভিব্যক্তির সঙ্গে সঙ্গে পেছনের পটভূমির মতো সময়কেও বন্দী করেন। মুখে কুলুপ লাগানোর কথা তো আমরা হরহামেশাই শুনি। আর আতিক তঁার সাহসী প্রয়োগ করলেন। কেমন নান্দনিক হলো বা উতরে গেল তার চেয়ে বড় কথা তিনি ভাবাতে পেরেছেন। রক্তক্ষরণ ঘটাতে পেরেছেন দর্শকের হৃদয়ে। এই অন্ধ, বধির সময়ের ভাস্কর্য গড়েছেন তিনি।

.
.


ভাস্কর্য ত্রিমাত্রিক অনুভূতি দেয়। কিন্তু আতিক তাঁর কয়েকটি শিল্পকর্মে ভাস্কর্যকে দ্বিমাত্রিক ড্রয়িং বা পেইন্টিংয়ের আদলে উপস্থাপন করেছেন। তাঁর ধাতব পাখিগুলো দেখে নতুন অভিজ্ঞতার কাছে পৌঁছানো যায়। এমন নিরীক্ষা নানা কাজে ছড়িয়ে আছে। শিল্পীর ‘ফেস কনক্রিট’ শিরোনামে ভাস্কর্যগুলোতে নারীকে সুষমার প্রতীক হিসেবে উপস্থাপন করেন তিনি। সিমেন্টে তৈরি ভাস্কর্যগুলোতে ব্যবহার করা হয়েছে পুরোনো আয়না। যাতে প্রতিফলিত হচ্ছিল উঁকি দেওয়া দর্শকদের মুখ। কেবল আয়না! আরও বিস্ময় যে আছে। দেখতে দেখতে দর্শক আবিষ্কার করেন মুখাবয়বগুলো যেন রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নারীর মতো।
ব্যতিক্রমধর্মী বিষভিত্তিক এই উপস্থাপনে একটা কাঁটা যেন রয়েই গেল। গ্যালারি ব্যবহারে আরও একটু মনোযোগ কি দেওয়া যেত? একটার পর একটা শিল্পকর্ম সাজিয়ে রাখলেই হয় না। প্রতিটি শিল্পকর্মের চারপাশে খালি জায়গা রাখা প্রয়োজন। নাহয় চোখের দূষণ ঘটে।
তবে এই অসুবিধা দূরে সরিয়েই প্রদর্শনীতে দর্শকেরা এসেছেন। অনেক দর্শক মুগ্ধ হয়েছেন ভাস্কের্য ব্যবহৃত উপাদান দেখে। পাথর বা ধাতু ছাড়াও চারপাশের সহজলভ্য জিনিস দিয়েও ভাস্কর্য তৈরি সম্ভব। এ কথা শিল্পীর মুখেও শোনা গেল। প্রদর্শনী সম্পর্কে শিল্পী আতিকুল ইসলাম বলেন, ‘শিল্পের যে মাধ্যমগুলো রয়েছে, তার মধ্যে ভাস্কর্য হলো সবচেয়ে শক্তিশালী প্রকাশ মাধ্যম। আমার এবারের প্রদর্শনীতে শিল্পকর্মগুলো খুবই সহজ ও সরল। বিষয় নির্বাচন ও আঙ্গিকে আমাদের দেশের বরেণ্য অনেক শিল্পীর কাজের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে আমার শিল্পকর্মে। শিল্পকলার শিক্ষার্থীরা সহজলভ্য মাধ্যম ব্যবহার করে কীভাবে ভাস্কর্য নির্মাণ করা যায় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে এ প্রদর্শনীতে। দর্শক খুব সাবলীলভাবে প্রদর্শনীটি উপভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস।’