প্রথম আলো: অবশেষে পুলিশ গণমিছিলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। আপনাদের কর্মসূচি পালনে বাধা কেটে গেছে। এ ব্যাপারে বলুন। আমীর খসরু মাহমুদ চৌধুরী: একটি গণতান্ত্রিক দেশে কর্মসূচি পালন করা আমাদের রাজনৈতিক অধিকার। এই অধিকার খর্ব করার এখতিয়ার কারোর নেই। কিন্তু এই সরকার যা করছে, তা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরাও সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করেছি। প্রথম আলো: আপনাদের প্রতিবাদের কারণেই কি কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে? আমীর খসরু মাহমুদ চৌধুরী: সরকার নিষেধাজ্ঞা জারি করলেও আমাদের কর্মসূচি তো বাতিল বা স্থগিত করা হয়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা কর্মসূচি পালন করতাম। কারণ, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমি আনন্দিত যে, সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আর আমরাও নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে কর্মসূচি পালন করে আসছি। ইতিপূর্বে চট্টগ্রামে বিশাল সমাবেশ হয়েছে। ওই সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটেছে। অথচ কোনো বিশৃঙ্খলা হয়নি। আমরা হরতালসহ বিভিন্ন নেতিবাচক কর্মসূচি থেকে ফিরে দেশে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করছি, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে। সরকার কিন্তু এর উল্টোটা করে মানুষের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে। গুলি করে মানুষ মারছে। এই সরকারকে হটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। প্রথম আলো: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় সরকার আপনাদের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বিশেষ করে জামায়াতে ইসলামী অঘটন ঘটাতে পারে বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। এ বিষয়টা কীভাবে দেখছেন?আমীর খসরু মাহমুদ চৌধুরী: আমি আবারও বলছি, হরতাল, ভাঙচুর, সম্পদ ধ্বংসের রাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি নতুন ধারার রাজনীতির সংস্কৃতি চালু করেছে। এর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা নাশকতার আশঙ্কা অমূলক ও অবাস্তব। আর জামায়াতে ইসলামী দেশের কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন নয়। তাদেরও রাজনীতি করার অধিকার আছে। তবে যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে জামায়াতের রাজনীতিকে একইভাবে দেখা উচিত হবে না। ইতিপূর্বে পলোগ্রাউন্ড মাঠে যে বিশাল সমাবেশ হয়েছে, সেখানে জামায়াতেরও লোকজন ছিল। তখন তো কোনো অঘটন ঘটেনি। এখন কেন এই প্রশ্ন আসছে?