সরকারি এজেন্টদের ইন্ধন রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ

গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ
সভাপতি
নগর ছাত্রদল
প্রথম আলো: নগর ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘাতের জন্য কারা দায়ী?
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ: একটি স্বার্থান্বেষী মহল নিজেদের নেতৃত্ব কুক্ষিগত করতে বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করছে। এর পেছনে সরকারি এজেন্টদের ইন্ধন রয়েছে। তারাই এসবের জন্য দায়ী। আমরা ছাত্রদলকে সংগঠিত করে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। পদবঞ্চিতদেরও মূল্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছি। এর পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়।
প্রথম আলো: স্বার্থান্বেষী মহল বলতে কাকে ইঙ্গিত করেছেন?
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ: যাঁরা নিজেদের পকেটের লোক দিয়ে দল পরিচালনা করতে চান এবং দলকে নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করেন তাঁদের কথাই আমি বলছি।
প্রথম আলো: নতুন নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা বাদ পড়েছেন বলে সাধারণ কর্মীরা ক্ষুব্ধ—এ অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য কী?
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ: ত্যাগী ও পরীক্ষিত নেতারাই নতুন নেতৃত্বে এসেছেন। পদবঞ্চিতদের অভিযোগ ডাহা মিথ্যা। দলকে অস্থিতিশীল করতে ওরা অকারণে দলীয় কার্যালয় ও বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন দিয়েছে। দলীয় নেতাদের ওপরও হামলা চালিয়েছে।
প্রথম আলো: বিষয়টা তো বিএনপির চেয়ারপারসন পর্যন্ত গড়িয়েছে। সেখান থেকে কি কমিটি পরিবর্তনের কোনো আভাস পাচ্ছেন?
গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ: কেন্দ্রীয় বিএনপির শীর্ষ তিন নেতা ও নগর সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ইতিপূর্বে বৈঠক করেছেন। বৈঠকের বিষয়বস্তু চেয়ারপারসনকে জানানো হয়েছে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটা অবশ্যই মেনে নেব।