সরকারি কর্ম কমিশনে ৩৬৯ নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্প্রতি ২৩টি পদে মোট ৩৬৯ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগের এই বিজ্ঞপ্তিটি ৩ জুন, ২০১৭ তারিখের প্রথম আলোর ১৭ পাতায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে মেডিকেল অফিসার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে ১৫২ জন, পরিসংখ্যান কর্মকর্তা পদে ৬০ জন, ড্রাফটসম্যান পদে ২৯ জন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে ২০ জন, উপসহকারী প্রকৌশলী সিভিল (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে ১৯ জন, মোটরযান পরিদর্শক (অস্থায়ী) পদে ১৮ জন, সহকারী প্রকৌশলী সিভিল (স্থায়ী বা অস্থায়ী) পদে ১৭ জন, প্রভাষক (অস্থায়ী) পদে ১৩ জন, জেলা ক্রীড়া অফিসার পদে ১২ জন, সহকারী প্রোগ্রামার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে আটজন, চিফ ইনস্ট্রাক্টর পদে ছয়জন, সহকারী প্রকৌশলী তড়িৎ (অস্থায়ী) পদে দুজন, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে দুজন, সিনিয়র সাইফার অফিসার পদে দুজন, হিসাবরক্ষণ কর্মকর্তা (অস্থায়ী) পদে দুজন, প্রিন্টিং ম্যানেজার পদে একজন, অ্যানেসথেসিওলজিস্ট পদে একজন, রেডিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে একজন, ব্যাকটেরিওলজিস্ট (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে একজন, এস্টিমেটর (তড়িৎ) পদে একজন, পরিদর্শক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে একজন এবং প্রকৌশলী প্রশিক্ষক (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে আবেদন করা যাবে ৩০ জুন, ২০১৭ তারিখ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
মেডিকেল অফিসার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। পরিসংখ্যান কর্মকর্তা পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, বাণিজ্য, জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি লাগবে সংশ্লিষ্ট খাতে দুই বছরের অভিজ্ঞতাও। ড্রাফটসম্যান পদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির সন্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ বা ডিপিএইচ বা ডিএইচই ডিগ্রিধারী হতে হবে।
উপসহকারী প্রকৌশলী সিভিল (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুর কৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমাধারী হতে হবে। মোটরযান পরিদর্শক পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত অটোমোবাইলস বা পাওয়ার টেকনোলজিতে কমপক্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমাধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল (স্থায়ী বা অস্থায়ী) পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুর কৌশলে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ অথবা এএমআইআই বাংলাদেশের সেকশন এ এবং বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রভাষক পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং দ্বিতীয় শ্রেণির বিপিএড ডিগ্রিধারী হতে হবে। জেলা ক্রীড়া অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং শারীরিক শিক্ষায় দ্বিতীয় শ্রেণির বিপিএড ডিগ্রিধারী হতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশিষ্ট ক্রীড়াবিদ বা সংগঠককে অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী প্রোগ্রামার (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে আবেদনের জন্য আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই প্রোগ্রামিংয়ের স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। চিফ ইনস্ট্রাক্টর পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী অথবা যেকোনো স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে দুই থেকে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য সব পদে আবেদনের জন্য আবেদনকারীকে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং প্রযোজ্য ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাধারী হতে হবে। পদগুলোতে আবেদনের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৩ জুন, ২০১৭ তারিখের প্রথম আলোর ১৭ পাতায় অথবা অনলাইনে http://bit.ly/2ru1l7m এই ঠিকানায়।
আবেদন প্রক্রিয়া
সব পদে আবেদনের জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদনপত্র (বিপিএসসি-ফরম 5A) পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র অনলাইনে http://bpsc.teletalk.com.bd এই ঠিকানায় অথবা সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে Non-Cadre বাটনে ক্লিক করে বিভিন্ন অপশনের Advertisement Instructions for Submitting Application পাওয়া যবে। প্রার্থীদের সেখানে উল্লিখিত নির্দেশাবলি অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ৩০ জুন, ২০১৭ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
তবে প্রকৌশলী প্রশিক্ষক, সিনিয়র সাইফার, চিফ ইনস্ট্রাক্টর এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদনের পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-3 ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণপূর্বক শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্রের কপি আগামী ১৮ জুলাই, ২০১৭ তারিখ থেকে ৩১ জুলাই, ২০১৭ তারিখের মধ্যে প্রযোজ্য ইউনিটে জমা দিতে হবে।
নিয়োগপদ্ধতি
যথাযথভাবে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পর আবেদনকারীদের নির্ধারিত পদভিত্তিক পরীক্ষার মাধ্যমে সেখান থেকে চূড়ান্তভাবে প্রার্থী মনোনীত করা হবে। এ ক্ষেত্রে প্রকৌশলী প্রশিক্ষক, সিনিয়র সাইফার, চিফ ইনস্ট্রাক্টর এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে আবেদনকারীদের শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরিদর্শক পদে আবেদনকারীদের বাংলায় ৫০, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞানে ৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নবম গ্রেডের প্রার্থীদের ১০০ নম্বর ও ১০ম গ্রেডের প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
অন্যান্য সব পদে আবেদনকারীদের বাংলায় ৫০, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞানে ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নবম গ্রেডের প্রার্থীদের ১০০ নম্বর ও ১০ম গ্রেডের প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত স্কেলে বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এ ক্ষেত্রে প্রকৌশলী প্রশিক্ষক পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা, সিনিয়র সাইফার অফিসার এবং চিফ ইন্সট্রাক্টর পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ২৯ হাজার টাকা থেকে ৬৩ হাজার ৪১০ টাকা, সহকারী প্রোগ্রামার, হিসাবরক্ষণ কর্মকর্তা (অস্থায়ী), মেডিকেল অফিসার, প্রিন্টিং ম্যানেজার, অ্যানেসথেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, ব্যাকটেরিওলজিস্ট, পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী প্রকৌশলী সিভিল (স্থায়ী বা অস্থায়ী), সহকারী প্রকৌশলী তড়িৎ (অস্থায়ী), সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী, জেলা ক্রীড়া অফিসার এবং প্রভাষক (অস্থায়ী) পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ২২ হাজার টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা, এস্টিমেটর (তড়িৎ), ড্রাফটসম্যান, পরিদর্শক, উপসহকারী প্রকৌশলী সিভিল এবং মোটরযান পরিদর্শক (অস্থায়ী) পদে চূড়ান্তভাবে মনোনীতদের মাসে ১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা হারে মাসিক বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ওয়েবসাইট: www.bpsc.gov.bd