সরকারি কর্মকর্তাদের লেনদেনের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি কর্মকর্তাদের শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞার সুপারিশ করেছেন। কিন্তু এ বিষয়ে একমত পোষণ করেন না বাজার বিশ্লেষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োজিত লোকজনের বেলায় এ ধরনের বিধিনিষেধ মেনে চলা উচিত। তবে এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এর আওতায় আনা ঠিক হবে না। তাঁদের দাপ্তরিক কাজের ব্যাঘাত ঘটিয়ে লেনদেন করছেন কি না তা খতিয়ে দেখা যেতে পারে। এজন্য চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাঁদের একেবারে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না। বিষয়টি আরও ভেবে দেখা দরকার। এ বিষয়ে বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের লেনদেনে বিরত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার। এ ক্ষেত্রে তাঁরা কেউ চাকরির নীতিমালা অনুযায়ী কোনো দাপ্তরিক কাজে ফাঁকি দিচ্ছেন কি না সেটা নজরদারি করা যেতে পারে এবং সে হিসেবে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের শেয়ারবাজারে লেনদেন না করার সুপারিশকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা ঠিক আছে। কারণ এসএসি, ডিএসই, সিএসইর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের কাছে শেয়ারবাজারের প্রায় সব তথ্যই জানা হয়ে যায়। কাজেই তাঁদের এ ক্ষেত্রে বিরত রাখার সুপারিশ যথাযথ বলা যায়। কিন্তু অন্যদের বিধিনিষেধের আওতায় আনা ঠিক নয়।’তদন্ত প্রতিবেদনে বলা হয়, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তাদের মধ্যে শেয়ার লেনদেনের প্রবণতা সামপ্রতিক সময়ে বেড়ে গেছে। প্রতিটি কার্যালয়ে দেখা যাচ্ছে, কাজ ফেলে কম্পিউটারে শেয়ার লেনদেনের দৃশ্য। এতে কাজের ক্ষতি হচ্ছে। চাকরির নিয়মনীতি অনুযায়ী এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও এর বাস্তবায়ন নেই। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেন সম্পূর্ণ বন্ধ করার সুপারিশ দেওয়া হয়েছে। তাঁরা নিজনামে স্ত্রী, সন্তান, ভাই-বোন, বাবা-মা অথবা বেনামিতে শেয়ার লেনদেন করতে পারবেন না। অবশ্য সুপারিশে বলা হয়েছে, তাঁরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন, তবে চাকরিবিধিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্তকরণ ও বাস্তবায়ন করতে হবে। ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (ম্যানেজমেন্ট কোম্পানি), ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা মেনে চলার সুপারিশ করা হয়। অপরদিকে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন, কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন না এবং লেনদেনও করতে পারবেন না। প্লেসমেন্ট ঘুষ বলে বিবেচিত হবে। তাঁদের বিনিয়োগের জন্য বিও অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নম্বরসহ এতে কত টাকা বিনিয়োগ করা হয়েছে তা নিজ নিজ কর্তৃপক্ষকে জানাতে হবে। আয়কর রিটার্নেও তা উল্লেখ থাকতে হবে। এ প্রসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মচারীদের বিনিয়োগে বাধা দেওয়া ঠিক নয়। প্লেসমেন্ট তো দোষের কিছু নয়। বিশ্বের প্রায় সব দেশেই প্লেসমেন্ট চালু রয়েছে। আমাদের এখানে এসএসির কোনো নীতিমালা তৈরি হয়নি। একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুযায়ী প্লেসমেন্ট নেওয়া যেতে পারে। এটা তো পুঁজিবাজারের জন্য শুধু নয়, একটি দেশের শিল্পবিকাশের জন্যও এর গুরুত্ব অনেক।’ তিনি নিয়োগকারী কর্তৃপক্ষকে বিনিয়োগ সম্পর্কে জানানোর ব্যাপারে বলেন, ‘কর্তৃপক্ষকে শেয়ারের বিনিয়োগের মোট পরিমাণ জানানো যেতে পারে। কিন্তু কোন কোন খাতের শেয়ারে বিনিয়োগ রয়েছে সেরকমভাবে পোর্টফলিও জানানোটা ঠিক হবে না। কারণ এটা গোপনীয় বিষয়।’