সরকারি কলেজে ভর্তি নিয়ে দুর্ভাবনা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকে সরকারি কলেজে ভর্তি নিয়ে মেধাবী শিক্ষার্থীদের এবার দুর্ভাবনা থাকছে না। গতবার সরকারি কলেজে আসনের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মফস্বলের কলেজে ভর্তি হতে হয়েছে। আর এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় অনেকটা দুশ্চিন্তামুক্ত তারা।চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া সুস্ময় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘উচ্চমাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে চট্টগ্রাম কলেজই প্রথম পছন্দ। ফলাফল ভালো হয়েছে। তাই ঐতিহ্যবাহী এ কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে আশাবাদী।’জানা যায়, নগরের পাঁচ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে আসন রয়েছে পাঁচ হাজার। যা এবারের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের চেয়ে কিছুটা বেশি। গতবার জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৮০০ জন। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৫৭৬, বাণিজ্য বিভাগ থেকে এক হাজার ২০৬ ও মানবিক বিভাগ থেকে ৩৭ জন।নগরের সরকারি কলেজগুলোর মধ্যে চট্টগ্রাম কলেজে ৭৫০, মুহসীন কলেজে এক হাজার ৩০০, সরকারি বাণিজ্য কলেজে ৪৫০, সিটি কলেজে এক হাজার ৬০০ ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে আসন আছে ৯০০টি।চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের সরকারি কলেজগুলোতে উচ্চমাধ্যমিক পর্যায়ে আসনসংখ্যা নির্দিষ্ট। অন্যান্যবার আসনসংখ্যার তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় আসন-সংকট সৃষ্টি হতো। তবে গতবারের তুলনায় জিপিএ-৫-এর সংখ্যা এবার কমেছে। তাই মানসম্পন্ন কলেজে ভর্তি হতে মেধাবী শিক্ষার্থীদের আগের মতো দুশ্চিন্তা করতে হবে না।’জিপিএ-৫ কমেছে যে কারণেশিক্ষাবিদেরা মনে করছেন, সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা অভ্যস্ত হতে পারেনি। তাই এবার জিপিএ-৫ কমেছে। তবে ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন ঘটবে। এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার বলেন, ‘শিক্ষার্থীরা সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার কারণে নম্বর কম পেয়েছে। এ পদ্ধতি আত্মস্থ করতে সময় লাগবে। ধারণা করছি, এ কারণে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।’ চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘কী কারণে জিপিএ-৫ কমেছে, তার কারণ স্পষ্ট নয়। তবে এ বছর সাতটি বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এ পদ্ধতিতে অভ্যস্ত হতে সময় লাগছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা এ পদ্ধতি আত্মস্থ করতে পারলে আগামী দিনে জিপিএ-৫ বাড়বে।’