সরকারি কলেজে শিক্ষকসংকট
নগরের সরকারি কলেজগুলোতে শিক্ষকসংকট চরমে পৌঁছেছে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় প্রচণ্ড চাপ পড়ছে শিক্ষকদের ওপর। সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের প্রতিদিন চার-পাঁচটি করে শ্রেণীর কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কোনো শিক্ষক নৈমিত্তিক ছুটি কিংবা প্রশিক্ষণে থাকলে অন্য শিক্ষকদের পাঁচ-ছয়টি ক্লাসও নিতে হয়। কোনো কোনো কলেজে অতিথি শিক্ষক দিয়ে কোনোরকমে শ্রেণীর কাজ চালানো হলেও সংকট নিরসনের জন্য শূন্যপদ পূরণ ও ক্ষেত্রবিশেষে নতুন পদ সৃষ্টির প্রয়োজন বলে শিক্ষকেরা মত দিয়েছেন। জানা গেছে, নগরের পাঁচটি সরকারি কলেজে ৫৬৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন ৩৯৪ জন। ১৭১ জন শিক্ষকের পদ বর্তমানে খালি। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা জানান, শূন্যপদ পূরণ এবং ক্ষেত্রবিশেষে নতুন পদ সৃষ্টি করার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রাম কলেজের শিক্ষকেরা জানান, কলেজে বিভিন্ন বিভাগে ১৫৬ জন শিক্ষক প্রয়োজন। বর্তমানে আছেন ১২৪ জন। আরও ৩২ জন নিয়োগ দেওয়া দরকার। কলেজের ভূগোল বিভাগের প্রধান মো. এনামুল হক বলেন, ‘এ বিভাগে পদ আছে ছয়টি। এর মধ্যে তিনটিই শূন্য। এ বিভাগে কমপক্ষে আরও দুজন প্রভাষক, দুজন সহকারী অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক থাকলে শ্রেণীরকাজ ভালোভাবে পরিচালনা করা যেত।’উপাধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, ‘এ কলেজে ভূগোল, মনোবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকসংকট সবচেয়ে বেশি। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বেশ চাপ পড়ছে অন্য শিক্ষকদের ওপর। শিগগির এ সমস্যা দূর করা প্রয়োজন।’ বর্তমানে মহসিন কলেজে বিভিন্ন বিভাগে শিক্ষক আছেন ৬৬ জন। আরও ৪১ জন শিক্ষকের প্রয়োজন এ কলেজে। কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা আকতার নূর বলেন, ‘বাংলা বিভাগে মোট চারটি পদ রয়েছে। চারটি পদেই শিক্ষক আছেন। কিন্তু তা পর্যাপ্ত নয়।’ এ বিভাগের জন্য আরও চারটি পদ সৃষ্টি করলে সংকট মোটামুটি কমবে বলে তিনি মন্তব্য করেন। কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান বলেন, ‘হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিভাগ ছাড়া প্রায় সব বিভাগেই শিক্ষকসংকট রয়েছে। সংকট মোকাবিলার জন্য অতিথি শিক্ষকও নিয়োগ করা হয়েছে। তারপরও সংকট থেকে গেছে।’ সরকারি সিটি কলেজে প্রতিটি বিভাগেই শিক্ষকসংকট রয়েছে। তবে দর্শন, মনোবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগে শিক্ষকসংকট সবচেয়ে বেশি। কলেজের দর্শন বিভাগের প্রধান মো. দৌলতুর রহমান চৌধুরী বলেন, ‘পদ সৃষ্টি না হওয়ার কারণে এ বিভাগে শিক্ষকসংকট প্রকট হয়ে উঠেছে। এ বিভাগে প্রয়োজন আটজন শিক্ষক। বর্তমানে আছেন চারজন। এ ছাড়া একজন অতিথি শিক্ষকও আছেন।’ এ বিভাগে আরও চারজন শিক্ষক প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কলেজ অধ্যক্ষ হরিবল চক্রবর্তী জানান, ‘পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বর্তমান শিক্ষকদের ওপর চাপ বাড়ছে। একেকজন শিক্ষককে চার-পাঁচটি ক্লাস নিতে হচ্ছে। কোনো শিক্ষক নৈমিত্তিক ছুটি কিংবা প্রশিক্ষণে গেলে অন্য শিক্ষকদের পাঁচ-ছয়টি ক্লাসও নিতে হয়।’ অধ্যক্ষ জানান, কলেজে ১২ জন অতিথি শিক্ষক রয়েছেন। তারপরও সংকট কমেনি।সরকারি কমার্স কলেজের শিক্ষকেরা জানান, এ কলেজে ৪৮ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু আছেন মাত্র ২৭ জন। ফলে শিক্ষকদের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। কলেজের বাংলা বিভাগের প্রধান সফিকুল আলম বকশ বলেন, ‘এ বিভাগে পদ আছে তিনটি। শিক্ষক আছেন দুজন। একজন অতিথি শিক্ষক থাকলেও সমস্যার সমাধান হচ্ছে না। কোনো শিক্ষক ছুটিতে গেলে অন্যদের শ্রেণীর কাজ সামলাতে হিমশিম খেতে হয়।’ শিক্ষকসংকটের কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘কলেজে শিক্ষকের আরও পদ সৃষ্টি করার প্রয়োজন রয়েছে। অন্যথায় শ্রেণীকার্যক্রম পরিচালনায় সমস্যা কাটবে না।’ শিক্ষকসংকটে ভুগছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজও। এ কলেজে বর্তমানে শিক্ষকের পদ আছে ৭৬টি। কর্মরত আছেন ৬১ জন। বর্তমানে তিনজন অতিথি শিক্ষক নিয়োগ দিয়ে কোনোরকমে কাজ চালানো হলেও তাতে সংকট কমেনি।কলেজ অধ্যক্ষ মো. আবদুল মোনাঈম বলেন, ‘কলেজে বর্তমানে সবচেয়ে বেশি শিক্ষক রয়েছে মনোবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, ইংরেজি, গণিত ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে। এ সংকট দূর করতে হলে আরও ৪২টি পদ সৃষ্টি করা দরকার। এ ব্যাপারে ছয় মাস আগে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’