সরকারি খাস জায়গা দখল করে বিপণিকেন্দ্র নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে হাসিমপুর ইউনিয়নের বরগুনি খালের শাখা খালসহ সরকারি খাস জায়গা দখল করে বিপণিকেন্দ্র (মার্কেট) তৈরি করা হচ্ছে। এর ফলে পাহাড়ি ঢলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামনের বর্ষায় এলাকায় জলাবদ্ধতা এবং জনদুর্ভোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজন। এলাকাবাসী জানান, স্থানীয় আবদুল গফুর নামে এক ব্যক্তি ওয়ান আজিজ শপিং সেন্টার নামে ওই বিপণিকেন্দ্র নির্মাণ করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি। দখল করা শাখা খালের ওপর একটি বক্স কালভার্ট তৈরি করা হলেও তা দিয়ে পর্যাপ্ত পানি নামবে না। হাশিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল করিম ও তিন নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম নবী জানান, ওই শাখা খাল দিয়ে বর্ষাকালে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নিচের দিকে প্রবাহিত হয়। বর্তমানে এটি দখল করে বিপণিকেন্দ্র নির্মাণের ফলে এলাকার কয়েক শ একর ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। এ ছাড়া, সৈয়দাবাদ, দাশপাড়া, কামারপাড়া, খন্দকারপাড়া, চৌধুরীপাড়া, বারীপাড়া ও বণিকপাড়ার প্রায় এক হাজার দু শ ঘরবাড়ি প্রতিবছর ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসী জানান, এই এলাকার ওপর দিয়ে দোহাজারী সওজের কর্মকর্তারা প্রতিদিন আসা-যাওয়া করলেও তাঁরা রহস্যজনক কারণে নীরব রয়েছেন। এ ব্যাপারে নির্মাণাধীন বিপণিকেন্দ্রের মালিক আবদুল গফুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জায়গাটি সওজ ও জেলা পরিষদের বলে স্বীকার করেন। তবে তিনি জানান, জেলা পরিষদের অংশটি সংশ্লিষ্ট বিভাগ থেকে তিনি বন্দোবস্তি নিয়েছেন এবং সওজের অংশটি ব্যবহার করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। বিপণিকেন্দ্র নির্মাণের অনুমতি চেয়ে পৌরসভায়ও আবেদন করা হয়েছে বলে তিনি জানান। জানতে চাইলে চন্দনাইশ পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বলেন, ‘ওয়ান আজিজ শপিং সেন্টার নামে ওই বিপণিকেন্দ্র নির্মাণের অনুমতি চেয়ে আবেদন পেয়েছি। কিন্তু আবেদনে যে পরিমাণ জায়গা দেখানো হয়েছে, বাস্তবে তা নেই। তা ছাড়া, ওই জায়গা নিয়ে ওয়ারিশদের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে। তাই অনুমতি দেওয়া হয়নি।’ সওজ দোহাজারী কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সওজের জায়গা ব্যবহারের অনুমতি চাওয়া হলেও অনুমতি পাওয়ার আগেই খাল দখল করে বক্স কালভার্ট ও মার্কেট তৈরির কাজ এগিয়ে চলছে। মালিক প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে পারছি না।’ সড়কের পাশে জায়গা বন্দোবস্ত নেওয়া হলেও তাতে স্থায়ী কাঠামো তৈরি করা যায় না বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। দোহাজারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘আমি এই কর্মস্থলে নতুন এসেছি। তাই তেমন কিছুই জানি না।’