সরকারি গেজেটে আছে, বিদ্যালয়ের নামে নেই ভাষাশহীদ সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাশহীদ আবদুস সালামের নামে তাঁর নিজ গ্রাম ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের লক্ষ্মণপুরের নাম পাল্টে রাখা হয়েছে সালামনগর। ২০১২ সালে সালামনগর নামটি সরকারি গেজেটর্ভুক্ত হলেও গ্রামের একমাত্র বিদ্যালয়ের নাম লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়ে গেছে।
গত ২০০৮ সালের এপ্রিলে তত্ত্বাবধায়ক সরকারের সময় লক্ষ্মণপুর গ্রামের নাম পরিবর্তন করে সালামনগর রাখার সিদ্ধান্ত হয়। ২০১২ সালের ২২ অক্টোবর সালামনগর নামটি গেজেটভুক্ত হয়। ২০০৮ সালের ২৬ মে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ সালামের নিজ গ্রামে ‘ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়। গত ২১ ফেব্রুয়ারি সালামনগরের শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিশ্রুতি দেন। তবে মাস খানেক কেটে গেলেও এ ব্যাপারে এখনো কোনো প্রশাসনিক উদ্যোগ চোখে পড়েনি।
আবদুস সালামের গ্রামের বাড়িতে এখন বসবাস করছেন তাঁর ছোট ভাই ষাটোর্ধ্ব আবদুল করিম। তিনি বলেন, ভাষাশহীদ সালাম জাতির গর্ব। তাঁর নামে সরকার গ্রামের নাম পরিবর্তন করে সালামনগর করেছে। এখন বিদ্যালয়ের নামও পরিবর্তন করা উচিত।
এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন উপজেলা ও জেলা প্রশাসন পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন। তবে জেলা প্রশাসন বলছে, ভাষাশহীদ সালামের নামে গ্রামের নাম সালাম নগর করা হয়েছে। বিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্যও প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভাষা আন্দোলনের শহীদ আবদুস সালামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে। গ্রামে সরকারি–বেসরকারি কোনো ধরনের বিদ্যালয় ছিল না।
১৯৯৩-৯৪ সালের দিকে গ্রামের এক ব্যক্তি সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য ৩৩ শতক জমি দান করেন। সে জমিতে নির্মিত টিনের ঘরে শুরু হয় লক্ষণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। পরে বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারি করা হয়। ২০১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৫৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একতলা পাকা ভবন নির্মাণ করে। বর্তমানে প্রধান শিক্ষকসহ শিক্ষক রয়েছেন চারজন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী আছে ১৬০ জন।
দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ বলেন, তিনি বছর খানেক আগে বদলি হয়ে এসেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ জানান, ভাষাশহীদ সালামের নামে বিদ্যালয়ের নামকরণের জন্য ইতিপূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একধিকবার চিঠি লেখা হয়েছে।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, যেহেতু সরকার ভাষাশহীদের প্রতি সম্মান দেখিয়ে তাঁর গ্রামের নাম সালাম নগর করেছে, এখন বিদ্যালয়ের নামও গ্রামের নামের সঙ্গে মিল রেখে সালাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা আবশ্যক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে।