সরকারি জমিতে শতাধিক অবৈধ চিংড়িঘের
কক্সবাজার জেলার বিভিন্ন উপকূলে ১১ হাজার একর সরকারি জমি দখল করে শতাধিক চিংড়িঘের তৈরি করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। নানা জটিলতায় দীর্ঘদিন ধরে এসব জমি উদ্ধার করা যাচ্ছে না। জেলা প্রশাসনের চিংড়িসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়।
৭ মে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘বিশেষ রাজস্ব ও জেলা চিংড়িমহাল কমিটির’ সভায় এই প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের। তিনি বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ১০ একর জমি ইজারা নিয়ে আরও অতিরিক্ত জমি দখলে নিয়েছেন। চিংড়িঘের দখল-বেদখলের ঘটনায় চকরিয়াসহ বিভিন্ন উপকূলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার জেলায় চিংড়ির চাষযোগ্য জমি আছে ২৫ হাজার ৭৪ একর। এর মধ্যে ইজারা দেওয়া হয়েছে ১৩ হাজার ৯৬৩ একর জমি। বাকি ১১ হাজার ১১১ একর জমি দখল করে চিংড়ি উৎপাদন চলছে। অবৈধ দখলে থাকা জমি বেশি চকরিয়া উপজেলায়।
সূত্র আরও জানায়, কক্সবাজার সদরে ৭০, উখিয়ায় ৩০৬, টেকনাফে ১ হাজার ৫৯২, চকরিয়ায় ৭ হাজার ২৫১, পেকুয়ায় ১৭৫ ও মহেশখালীতে ১ হাজার ৭১৭ একর সরকারি জমি দখল করে শতাধিক অবৈধ চিংড়িঘের গড়ে তোলা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চিংড়িমহাল ব্যবস্থাপনা ও নীতিমালা, ১৯৯২ (সংশোধন) অনুযায়ী খামারপ্রতি চিংড়িচাষিকে অনধিক ১০ একর জমি দেওয়ার বিধান রাখা হয়েছে। কিন্তু চিংড়িমহাল নীতিমালা সংশোধনের আগে কক্সবাজার জেলায় বিভিন্ন সময়ে ব্যক্তি বা সমিতিকে ১০ একরের বেশি ১৭৬টি ঘেরের বিপরীতে বিপুল পরিমাণ জমি ইজারা দেওয়া হয়। ওই জমি নতুনভাবে ইজারা কার্যক্রমের বিধান না থাকায় গ্রহীতারা ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে জমি দখলে রেখেছেন। এর ফলে বছরের পর বছর তঁারা আগের ইজারা দেখিয়ে চাষ অব্যাহত রাখায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ১০ একরের বেশি চিংড়িজমি ইজারা নবায়নের ব্যাপারে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজারা দেওয়া ১৩ হাজার ৯৬৩ একর জমির বিপরীতে চিংড়ি প্রকল্প বা ঘের আছে ১ হাজার ৩৬০টি। এর মধ্যে ৩৪০টির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। চলতি অর্থবছরে ঘেরগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা। অবৈধ দখলে থাকা জমিতে উৎপাদিত চিংড়ি থেকে অর্থ আদায়ের সুযোগ থাকলে রাজস্ব আদায়ের পরিমাণ দ্বিগুণ হতো।
এ প্রসঙ্গে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, চিংড়ি খাতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হয়। কিন্তু চকরিয়া চিংড়ি জোনে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। ডাকাতের নির্যাতন থেকে চিংড়িচাষিদের রক্ষা করা যাচ্ছে না। এদিকে অবৈধ জমির দখল-বেদখল ঠেকাতে অনেক প্রভাবশালী অস্ত্রধারীদের লালন-পালন করছেন।
এদিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিপুল পরিমাণ জমি অবৈধ দখল ও নানা সমস্যার কথা শুনে ক্ষুব্ধ হন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এ সময় তিনি বলেন, আগে যাঁরা ১০ একরের বেশি চিংড়ি জমি লিজ নিয়েছেন, সেগুলো বাতিল করা হবে। একজন ব্যক্তির ১০ একরের বেশি জমির মালিকানা থাকতে পারে না। তিনি দ্রুত চিংড়িমহালের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠন এবং এর মাধ্যমে সব সমস্যা সমাধান করে জেলা প্রশাসককে ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, শিগগির চিংড়িজমির অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।