কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলি এলাকায় সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সরকারি খাস খতিয়ানের জায়গা দখল করে ওই স্থানে খুঁটি গেড়ে টিনের বেড়া দেওয়া হয়েছে। ভূমি কার্যালয় সূত্র জানায়, চালিয়াতলি স্টেশনের দক্ষিণ-পশ্চিমাংশে সরকারি জায়গা দখল করে স্থানীয় বাসিন্দা জাপান বড়ুয়া ১০টি দোকানঘর নির্মাণ করছেন। ১৩ জুন দোকানঘর নির্মাণের সময় ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বাধা দিলে কাজ কিছু সময়ের জন্য বন্ধ রেখে রাতে আবার করা হয়। কালারমারছড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, প্রশাসনের বাধার মুখে দিনের বেলায় জাপান বড়ুয়া ও তাঁর লোকজন সরকারি জায়গার ওপর দোকানঘর নির্মাণ করতে পারেননি। পরে এক সপ্তাহ আগে রাতের আঁধারে ১০টি দোকানঘর নির্মাণ করেন। ফলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাপান বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আরএস খতিয়ানে ৬২ শতকের এ জায়গা আমার নামে রেকর্ডভুক্ত। কিন্তু বিএস খতিয়ানে এটি সরকারি খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিএস খতিয়ান সংশোধনের জন্য ইতিমধ্যে সহকারী জজ আদালতে মামলা করা হয়েছে। মামলাটি বিচারাধীন আছে।’ তবে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, এটি খাস খতিয়ানের জায়গা। এখানে একটি বাজারশেড নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।’ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, চালিয়াতলির যে স্থানে স্থানীয় ব্যক্তি জাপান বড়ুয়া দোকান নির্মাণ করছেন তা সরকারি খাস খতিয়ানের জায়গা। সরকারি জায়গা দখল করে নির্মিত এসব অবৈধ দোকানঘর অচিরেই উচ্ছেদ করে দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।