জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের হিসাব অনুযায়ী এবারও শীর্ষস্থান ধরে রেখেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছে ২১৪ জন। পাস করে ২১২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে এই বিদ্যালয়ের অবস্থান ১২তম।বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন এবারও ভালো ফলাফল করার পেছনে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার কথা স্মরণ করে বলেন, ‘আগামী সময়েও আমরা (শিক্ষকেরা) বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার চেষ্টা করব।’ দ্বিতীয় অবস্থানে জেলার আরেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়। ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের তালিকায় এই বিদ্যালয়ের অবস্থান ১৬তম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আগামী দিনে জিপিএ-৫ প্রাপ্তির হার বাড়ানোর চেষ্টা চলবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ১৪৮টি বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১৩ হাজার ৪১১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৬ জন। জেলায় পাসের হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। ফলাফল অনুযায়ী এবার পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হারও বেড়েছে।