নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে এবার কমপক্ষে এক-চতুর্থাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ২০০২ সালে জারি করা চারদলীয় জোট সরকারের একটি বিতর্কিত প্রজ্ঞাপন অনুসরণ করার কারণে কম শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসন জোট সরকারের প্রজ্ঞাপন মেনে শিক্ষার্থী ভর্তি করে কার্যত ‘শিক্ষা সংকোচন’ নীতি অনুসরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে অভিভাবকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জানা যায়, কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। গত বছরের তুলনায় এবার এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে আসনসংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কমানো হয়। ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হয়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি-কার্যক্রম শেষ হয়ে গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, চট্টগ্রাম জেলা প্রশাসন এসব করছে এবং এতে জনপ্রতিনিধি বা অন্য কারও ভূমিকা নেই। অনুসন্ধানে জানা যায়, এবার কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ১৮০ থেকে কমিয়ে ১২৩ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। একইভাবে ষষ্ঠ শ্রেণীতে ১৬০ জন থেকে কমিয়ে ভর্তি করা হয় ১৩৮ জন। জেলা প্রশাসকের তালিকা অনুযায়ী ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আরও জানা যায়, খাস্তগীর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৩২০ থেকে কমিয়ে ২৬০ জন ছাত্রী ভর্তি করা হয়। চট্টগ্রামে এটি মেয়েদের জন্য শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। একইভাবে নাসিরাবাদ বালক ও বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুহসীন উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় ও সরকারি সিটি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিটি শাখায় ৬০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয়নি। আগে ৮০ থেকে ১১০ জন ভর্তি করা হতো বলে জানা যায়।চট্টগ্রামের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়েও প্রতিটি শাখায় ১১০ জন করে ছাত্র ভর্তির সুযোগ পেয়েছিল। ওই সব শিক্ষার্থী নিয়েও ভালো ফল করে বিদ্যালয়গুলো। বিদ্যালয়ের নথি ঘেঁটে এর প্রমাণ পাওয়া যাবে। হঠাৎ আট-নয় বছর আগের একটি প্রজ্ঞাপন বাস্তবায়নের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এতে তারা কার্যত শিক্ষা সংকোচন নীতি অনুসরণ করেছে। ফলে অনেক গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পায়নি। এটা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী হবে বলে মনে করছি।’জোট সরকারের আমলে জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়ন প্রসঙ্গে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, ‘ভুল একবার করেছি। মন্ত্রণালয় এটা ধরেছে। তাই বলে কি সংশোধন হওয়া যাবে না? আগে একটি শাখায় ৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। এবার ৬০ জনে নামিয়ে আনা হয়েছে। একজন শিক্ষক কি শ্রেণীকক্ষে ৯০ জন শিক্ষার্থীর প্রতি মনোযোগ দিতে পারেন?’ এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘নীতিমালার বাইরে কিছু করার ক্ষমতা আমার নেই। এর পরও বিষয়টি বিবেচনার জন্য আমি মন্ত্রণালয়ে গিয়ে প্রস্তাব দিয়েছি। ফোন করে খোঁজ নিচ্ছি।’ অভিভাবক রাশেদুল হাসান বলেন, ‘রাজধানী ঢাকার তুলনায় চট্টগ্রামে সেভাবে ভালো মানের বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই কলেজিয়েট বা খাস্তগীরসহ সরকারি বিদ্যালয়গুলোর ওপর চাপ বাড়ছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নগরের বিদ্যালয়গুলোতে দুই পালা চালুর উদ্যোগ নেন। অথচ গণতান্ত্রিক সরকারের আমলে আসনসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন যে প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে শিক্ষা সংকোচন নীতি অনুসরণ করেছে ওই প্রজ্ঞাপনও তো আমলাদের তৈরি। জেলা প্রশাসন কি এই প্রজ্ঞাপন বাস্তবায়নের আগে জনপ্রতিনিধি বা বিশিষ্ট ব্যক্তিদের মতামত নিয়েছে?চট্টগ্রামের একাধিক সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘আগে বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রতিটি শাখায় ৮০ থেকে ১১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। হঠাৎ করে প্রশাসন আমেরিকা, জাপান বা ইউরোপের দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আমাদের তুলনা করছে। তাই প্রশাসন প্রতিটি শাখায় শিক্ষার্থী ভর্তি কমিয়ে ৬০ জনে নামিয়ে আনে। আসলে ২০০২ সালের প্রজ্ঞাপনটি উচ্চবিলাসী ছিল বলে জোট সরকার তা বাস্তবায়ন করেনি।’