সরকারি শিশু পরিবারের দেড় শতাধিক শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় লোকবলের অভাব, অপ্রতুল বরাদ্দ, অস্বাস্থ্যকর শৌচাগার, শিশুদের পাঠদানে অবহেলা, নিরাপত্তাহীনতা, পানীয়জলের সংকটের কারণে ছাগলনাইয়া সরকারি শিশু পরিবারের দেড় শতাধিক এতিম শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।জানা গেছে, ১৯৫৯ সালে পশ্চিম ছাগলনাইয়ার জমিদারদের একটি পরিত্যক্ত বাড়িতে শিশু পরিবারটি প্রতিষ্ঠিত হয়। পরে এটি ডাকবাংলো সড়কের উত্তর পাশে বাঁশপাড়া গ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে অনুমোদিত শিক্ষার্থীর আসন রয়েছে ১৭৫। এর মধ্যে ভর্তি রয়েছে ১৭০ জন। এখানকার শিশুদের আগে সাতটি শাখায় ভাগ করে পাঠ দেওয়া হতো। কিন্তু বর্তমানে বড় ভাইয়ের (শিক্ষক) অভাবে সমতা, মমতা, সততা, একতা ও স্বাধীনতা নামের পাঁচটি শাখা রয়েছে। প্রতিটি শাখায় একজন করে বড় ভাই আছেন। অভিযোগ রয়েছে, তাঁরা দায়িত্ব পালন না করে বাইরে গিয়ে গৃহশিক্ষকতা (টিউশনি) করছেন। নিয়ম অনুযায়ী বড় ভাইরা শিশুদের পড়ার সময় টেবিলে গিয়ে পড়ার খোঁজ নেওয়ার কথা। কিন্তু তাঁরা এ ব্যাপারে উদাসীন। শিশুরা অঙ্ক ও ইংরেজিতে কাঁচা। এ শিশু পরিবারের সাবেক এক ছাত্র রহমত উল্যাহ বর্তমানে শিক্ষকতা করেছেন। তিনি জানান, ‘অন্যান্য দিক মোটামুটি ভালো হলেও পড়ালেখার মান খুবই দুর্বল। কারণ, বড় ভাইরা পাঠদানের ব্যাপারে যত্নবান নন।’ তৃতীয় শ্রেণীর ছাত্র রাজীব (ছদ্মনাম) জানায়, ‘অঙ্ক ও ইংরেজি বিষয়ে আমরা কাঁচা, বড় ভাইরা এ দুটি বিষয়ে কোচিং করালে আমাদের জন্য ভালো হয়।’ নাম না প্রকাশের শর্তে দশম শ্রেণীর এক ছাত্র জানায়, ‘রাতে বড় ভাইরা কক্ষে তদারক করতে আসেন ঠিকই, কিন্তু কে কী পড়ছে, সে ব্যাপারে কোনো খোঁজ নেন না।’ পড়ালেখার পাশাপাশি শিশুদের কারিগরি শিক্ষা দেওয়ার কথা থাকলেও টেকনিশিয়ান না থাকায় তারা এ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিশু পরিবারের মূল ফটকসংলগ্ন তামান্না ফার্নিচারের স্বত্বাধিকারী বলেন, ‘এখন মেলা চলছে, শিশুরা সন্ধ্যা হলেই দলে দলে মেলায় চলে যায়। কেউ কিছু বলে না। সব বড় ভাইয়া বাইরে থাকেন বলে জানি। তাঁরা সকালে আসেন, রাতে চলে যান।’স্বাধীনতা শাখার বড় ভাইয়া মো. ফিরোজ মিয়া বলেন, ‘গৃহশিক্ষকতা করার বদনাম যুগে যুগে থাকবে। শিক্ষকদের বাইরে থাকার ব্যাপারে কিছু লিখবেন না।’অন্যদিকে সীমানাপ্রাচীর, পানীয়জল, অস্বাস্থ্যকর শৌচাগার, খেলার মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা শিশু পরিবারের অন্যতম সমস্যা।সীমানাপ্রাচীর না থাকায় শিশুরা যখন-তখন যেখানে খুশি সেখানে চলে যায়। অনেক সময় শিশুদের ফিরে না আসার ঘটনাও ঘটেছে। তা ছাড়া বহিরাগত বখাটে মাদকসেবীরা শিশু পরিবারের পরিত্যক্ত একটি ভবনে রাতে মাদকের আড্ডাসহ অসামাজিক কাজে লিপ্ত থাকে। একমাত্র গভীর নলকূপে পানি ওঠে না, মোটরটিও দীর্ঘ এক বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে পুকুরের অস্বাস্থ্যকর পানিতে চলে গোসল ও রান্নাবান্নার কাজ, পানীয়জলের জন্য শিশুদের ছুটতে হয় আশপাশের বাড়িগুলোতে।পয়োনিষ্কাশনের সুব্যবস্থা নেই অনেক বছর থেকে। ভবনটির মেঝে নিচু হওয়ায় পয়োনিষ্কাশনের নল (পাইপ) দিয়ে মলমূত্র ও নোংরা পানি সরতে পারে না। শৌচাগারে পানির সংযোগ থাকলেও পানি সরবরাহ নেই। ফলে শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, শৌচাগারে যাওয়ার পথে মেঝেতে নোংরা পানি বারো মাস জমে থাকে। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুরা সব সময় অসুস্থ থাকে।সামান্য বৃষ্টি হলেই মূল ভবনের সামনে খেলার মাঠে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে শিশুরা খেলাধুলা করতে পারে না।১৫ এপ্রিল শিশু পরিবারে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণীর ছাত্র সবুজ সুমধুর কণ্ঠে গান গেয়ে অন্যদের শোনাচ্ছে। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল পাশা ভূঞা জানান, ছেলেদের মধ্যে সাংস্কৃতিক প্রতিভা আছে, স্বল্প বরাদ্দের কারণে এ প্রতিভা বিকাশের জন্য ওদের সুযোগ দিতে পারছি না, এরা সাংস্কৃতিক দিক দিয়ে অন্যদের চেয়ে পিছিয়ে আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিনুর রশীদ বলেন, প্রতিষ্ঠানটির সীমানাপ্রাচীরসহ সব সমস্যার কথা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে।