সরকারি সহায়তা চান বোয়ালখালীর কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর পাহাড়ি অঞ্চলে এবার আদার ফলন ভালো হয়েছে। প্রত্যাশিত দাম পেয়ে কৃষকেরাও খুশি। বোয়ালখালীতে উৎপাদিত আদা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে প্রতিদিন চলে যাচ্ছে ঢাকার শ্যামবাজারসহ দেশের বিভিন্ন স্থানে।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার করলডেঙ্গা, আমুচিয়া ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ি এলাকায় ব্যাপক আদার চাষ হয়। ১০ বছর আগে আমুচিয়া ও করলডেঙ্গা পাহাড়ে কয়েকজন চাষি প্রাথমিকভাবে আদার চাষ করে ভালো ফলন পান। সেই সাফল্য দেখে অনেক চাষি আদা চাষে এগিয়ে আসেন। এখন শতাধিক চাষি আদা চাষে সম্পৃক্ত। ফলন ভালো হওয়ায় প্রতিবছর বাড়তে থাকে আদার চাষ।উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ‘এবার ৩০ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে।’ তবে চাষিরা জানিয়েছেন ভিন্ন তথ্য।পাহাড়ে চাষাবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন। তিনি বলেন, ‘কৃষি বিভাগের দেওয়া তথ্য ঠিক নয়। এখানে শতাধিক হেক্টর ভূমিতে আদার চাষ হয়ে থাকে।’ চাষিরা জানান, বোয়ালখালীতে উৎপাদিত আদা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে প্রতিদিন চলে যাচ্ছে ঢাকার শ্যামবাজারে। প্রতিদিন প্রায় ১০০ মণ আদা শ্যামবাজারে যায়। চাষিরা করলডেঙ্গা ও নয়াবাজারে ফড়িয়াদের কাছে আদা বিক্রি করেন। ফড়িয়া ব্যবসায়ীরা ঢাকার পাইকারি বাজারে বিক্রি করেন। সরকারি কোনো উদ্যোগ না থাকায় চাষিরা ফড়িয়াদের কাছে আদা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ন্যায্য মূল্য পাচ্ছেন না তাঁরা। চাষিরা এখন মণপ্রতি দাম পাচ্ছেন তিন হাজার টাকা। করলডেঙ্গা এলাকার চাষি ও ব্যবসায়ী আবু তাহের বলেন, দৈনিক দেড় শতাধিক মণ আদা স্থানীয় বাজার ছাড়াও ঢাকা ও কুমিল্লার বাজারে বিক্রি করা হয়। তিনি বলেন, গেল বছর বীজের দাম বেশি থাকায় অনেকে চাষ করতে পারেননি। আদা চাষের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, চাষিরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে চাষ করছেন। সরকারিভাবে কোনো সহায়তা পাওয়া যায় না। ভালো বীজ ও সরকারি সহায়তা পেলে আদা চাষে বিপ্লব ঘটবে বলে জানান তিনি।