সরকারি সাহায্য পৌঁছায় না যে গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বল্টুগাছ মোনপাড়া গ্রামে উঠতে হয় খাড়া পাহাড় বেয়ে। পাহাড়চূড়ায় অবস্থিত দুর্গম এই গ্রামে কোনো সরকারি কর্মকর্তার পা পড়েনি। আসেন না কোনো স্বাস্থ্যকর্মীও l প্রথম আলো
রাঙামাটির বল্টুগাছ মোনপাড়া গ্রামে উঠতে হয় খাড়া পাহাড় বেয়ে। পাহাড়চূড়ায় অবস্থিত দুর্গম এই গ্রামে কোনো সরকারি কর্মকর্তার পা পড়েনি। আসেন না কোনো স্বাস্থ্যকর্মীও l প্রথম আলো

শত বছর ধরে সরকারি সাহায্য ছাড়া একটি জনপদ কীভাবে টিকে থাকে তা বোঝা যাবে না ‘বল্টুগাছ মোনপাড়া’ না দেখলে। রাঙামাটি সদর উপজেলার মগবান ও কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের মাঝামাঝি সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থিত এই পাড়া প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অন্য যেকোনো পাহাড়ি গ্রামের চেয়ে আলাদা।
পাড়ার প্রধান জ্যোতিষ কারবারির (৬৫) ভাষ্য, ৪২ পরিবার–অধ্যুষিত এই পাড়ার বয়স কমপক্ষে ১২০ বছর। হয়তো তার চেয়েও পুরোনো সময়ের ইতিহাস থাকতে পারে। কারণ পাড়াটি কীভাবে সেখানে স্থাপিত হলো তার ইতিহাস বর্তমান সময়ের কেউ জানেন না। এ পাড়ার নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত থাকলেও তাঁর এত বছরের জীবনেও আজ পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারীকে পাড়ায় আসতে দেখেননি। আসেন না স্বাস্থ্যকর্মীরাও। পাড়ার বাসিন্দারাই তাঁদের কাছে যান।
পাড়ার বয়োজ্যেষ্ঠ লোকজনও একই কথা বললেন। তাঁরা বলেন, তাঁদের পাড়ায় সরকারি কোনো কর্মকর্তা কোনো দিন যাননি। জনপ্রতিনিধিরা মাঝে মাঝে গেলেও কোনো সহায়তা আসে না তাঁদের দিক থেকেও। পাড়ায় পানির সংকট তীব্র। আঁকাবাঁকা পাহাড়ি পথ ছাড়া কোনো সড়কপথ নেই। পাড়ার পাশের ছড়া থেকে পানি সংগ্রহ করতে হয়। পাড়া থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব চার কিলোমিটারের বেশি। তবে পাড়ার অনেক ছেলেমেয়ে বর্তমানে রাঙামাটি ও কাপ্তাইয়ে বাড়ি ভাড়া করে পড়াশোনা করছে বলে তাঁরা জানান।
পাড়ার বয়োজ্যেষ্ঠ বঙ্গ তঞ্চঙ্গ্যা (৭২) জানান, পাড়ার লোকজন নিজস্ব উদ্যোগে বিভিন্ন ফলদ ও বনজ বাগান গড়ে তুলেছেন। তবে তাঁদের প্রধান আয়ের উৎস বিলিতি ধনেপাতা। মাটি উর্বর হওয়ায় ওই এলাকার ধনেপাতার বীজ পুষ্ট হয়। ফলে ফলন বেশি হয়। তাই চাহিদাও বেশি। এ ছাড়া আদা চাষ করেও এখানকার লোকজন প্রচুর আয় করেন। চাহিদা রয়েছে এখানকার কলারও। এসব ছাড়াও পাড়ার আশপাশে আম, লিচু, কমলাসহ বিভিন্ন ফলের বাগান এবং সেগুন বাগানও রয়েছে।
গত শুক্রবার পাড়ায় গিয়ে এই চিত্র দেখা যায়। বল্টুগাছ মোনপাড়ার সব পরিবার নিম্ন মধ্যবিত্ত। পাড়ায় আসা–যাওয়া করতে হয় পাহাড় বেয়ে। সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা।
মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, পাড়াটি খুবই দুর্গম স্থানে হওয়ায় সরকারি কর্মকর্তাদের সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। গ্রামে টিকাদান কর্মসূচির জন্য স্বাস্থকর্মীরা যান না। গ্রামবাসী সাত কিলোমিটার দূরে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেন। উঁচু পাড়ার চূড়ায় বসবাসের কারণে পাড়াবাসীর জন্য পানির ব্যবস্থা করা কঠিন। তবে পরবর্তী সময়ে ওই এলাকার উন্নয়নে কী করা যায় তার উদ্যোগ নেওয়া হবে।
রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা জানান, বল্টুগাছ মোনপড়ার মানুষ খুবই সহজ–সরল ও পরিশ্রমী। তাঁরা নিজেদের চেষ্টায় অনেক কিছু করছেন। সরকারি সহায়তা পেলে তাঁদের দ্রুত উন্নতির পথে নিয়ে আসা সম্ভব হবে।