সরকারি স্বীকৃতির আশায় মুক্তিযোদ্ধা কুদ্দুসের স্ত্রী-সন্তানেরা
একাত্তরের রণাঙ্গনে যুদ্ধ করে ৪৫ বছরেও মুক্তিযোদ্ধাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হননি প্রয়াত মো. আবদুল কুদ্দুস। নৌবাহিনীর সাবেক এই কর্মচারীর স্বীকৃতির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সহ দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী ও সন্তানেরা। ছয় বছর আগে স্ত্রী আনোয়ারা বেগম মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু সরকারি গেজেটে এখনো মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করাতে পারেননি।
জানা গেছে, সন্দ্বীপের আমানউল্লাহ ইউনিয়নের মৃত মুন্সী খোরসিদ মিয়ার ছেলে মো. আবদুল কুদ্দুস ১৯৭১ সালে পাকিস্তান নৌবাহিনীর অধীনে কুমিল্লা রিক্রুটিং অফিসে চাকরি করতেন (পদ মাস্টার অ্যাট আর্মস, অফিস নম্বর - ৬৩৯০৫)।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে করা আবেদন উল্লেখ করা হয়, যুদ্ধ শুরু হলে তিনি ভারতের হলদিয়া ক্যাম্পে প্রশিক্ষণ শেষ করে একাত্তরে বিএনএস পদ্মা পলাশে যোগ দিয়ে আবদুল কুদ্দুস যুদ্ধ করেন। তিনি ছিলেন ৯ নম্বর সেক্টরের যোদ্ধা। স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর কাছ থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে সনদও (নম্বর-২৩৬৩৯৮) নেন তিনি।
আনোয়ারা বেগম বলেন, ‘জেনারেল ওসমানীর কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে সনদ রয়েছে। ওই সনদের অনুলিপিসহ আমি আবেদন করেছি। কিন্তু সরকারি গেজেটে এখনো নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্দ্বীপ উপজেলা কমান্ড থেকেও প্রত্যয়নপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়।’
আনোয়ারা বেগম সন্তানদের চাকরির দরখাস্ত করতে গিয়ে জানতে পারেন স্বামী আবদুল কুদ্দুসের নাম মুক্তিযোদ্ধা তালিকায় নেই। যুদ্ধের পর আবদুল কুদ্দুস বাংলাদেশ নৌবাহিনী বিএনএস ঈশা খাঁতে যোগ দেন। পরে ১৯৭৩ সালে অবসরে যান। তাঁর ছেলে মো. জাহাঙ্গীর বলেন, ‘১৯৭৪ সালে সন্দ্বীপে আমাদের গ্রাম নদীভাঙনের কবলে পড়ে বসতভিটা বিলীন হয়ে যায়। পরে আমরা সেখান থেকে চট্টগ্রামের রাউজান উপজেলার ফকিরতাকিয়া এলাকায় বসবাস করছি। এরপর ১৯৭৯ সালে বাবা মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানতাম না বাবার নাম যে তালিকায় নেই। এরপর থেকে তালিকায় নাম তোলার জন্য মন্ত্রণালয়ে অনেকবার ধরনা দিয়েছি।’
তবে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রকাশিত নামের তালিকার সন্দ্বীপ অংশে আবদুল কুদ্দুসের নাম অন্তর্ভুক্ত (ক্রমিক নম্বর ২০৫৩৪) আছে বলে সন্দ্বীপ মুক্তিযোদ্ধা সংসদ থেকে দেওয়া প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে সন্দ্বীপের মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম ছিদ্দিুকর রহমান বলেন, ‘কুদ্দুস প্রকৃত মুক্তিযোদ্ধা। বসতভিটা বিলীন হয়ে যাওয়ার পর তিনি রাউজানে চলে যান। তিনি বিএনএস পদ্মা পলাশে যুদ্ধ করেছেন। তাঁকে জেনারেল ওসমানী সনদও দিয়েছেন। আমরাও সুপারিশ করেছি গেজেটে নাম তোলার জন্য।’
রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আবদুল কুদ্দুস যে প্রকৃত মুক্তিযোদ্ধা, তার একটি সনদ দেওয়া হয়।
তবে এত সুপারিশ ও সনদে কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় আবদুল কুদ্দুসের স্ত্রী ও চার সন্তান হতাশ হয়ে পড়েছেন।