সরকারি হলো আনোয়ারার ২২ নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়
আনোয়ারা উপজেলার ২২টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুঃখের দিন শেষ হচ্ছে। এসব বিদ্যালয় সরকারি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি চাকারিজীবী হিসেবে গণ্য হবেন। অক্টোবর থেকে এসব শিক্ষক সরকারি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিক্রিয়া জানিয়ে বরুমচড়া জনতা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম বলেন, ‘আমরা নামমাত্র বেতনে চাকরি করে বহু বছর ধরে কষ্টে ছিলাম।
বিদ্যালয়গুলো সরকারি করার ব্যাপারে বিভিন্ন সময় আশ্বাস শুনলেও বাস্তবে কিছু হয়নি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর তা বাস্তবায়িত হতে যাচ্ছে। আশা করি, এবার আমাদের দুঃখের দিনের অবসান হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশের ৩৫ হাজার নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। ১৯৭৪ সালের নীতিমালার আলোকে বিদ্যালয়গুলো বর্তমানে সরকারি হয়েছে এবং রাজস্ব খাতের আওতায় এসেছে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মো. আলমগীর প্রথম আলোকে বলেন, উপজেলার যে ২২টি বিদ্যালয়ের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, তার সবকটি সরকারীকরণের আওতায় এসেছে। সরকারি শর্ত পূরণ ও অবকাঠামোগত সব সুযোগ-সুবিধা থাকায় কোনো বিদ্যালয় তালিকা থেকে বাদ পড়েনি। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে অক্টোবর থেকে ওইসব বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি নিয়ম অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলে আশা করছি।’