সরকারি হাসপাতালের সুবিধা নিচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কক্সবাজারের স্থানীয় জনসাধারণ। জেলার পাঁচটি সরকারি হাসপাতালে অত্যধিক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয় জনসাধারণের। অপরদিকে রোহিঙ্গা রোগীরা জানান, তাঁদের জন্য পৃথক কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিতে আসেন সরকারি হাসপাতালে। ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন এক হাজার ২০০ রোগীকে চিকিৎসাসেবা দেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসাসেবা নিতে আসেন তিন হাজারেরও বেশি রোগী। শনাক্ত করার ব্যবস্থা না থাকায় যে কেউ টিকিট সংগ্রহ করে চিকিৎসাসেবা নিতে পারেন। এ সুযোগ কাজে লাগিয়ে রোহিঙ্গা রোগীরা সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ও বিনা মূল্যের ওষুধ নিচ্ছে। আগে এসে যারা লাইনে দাঁড়াচ্ছে কেবল তারাই চিকিৎসাসেবা পাচ্ছে। ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় সদর হাসপাতালে দেখা গেছে, অন্তত ছয় শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। রোগীদের মধ্যে একটা অংশ এসেছেন জেলার দুর্গম এলাকা থেকে। দুবছরের শিশু মুন্নাকে নিয়ে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি গ্রাম ঘুমধুম থেকে আসা গৃহবধূ নুর জাহান (৩৪)। সকাল ১১টায়ও তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। নুর জাহান বলেন, ‘পাঁচ দিন ধরে মুন্না সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে। সম্ভবত নিউমোনিয়া হয়েছে। তাই চিকিৎসার জন্য ৪০ কিলোমিটার পথ পেরিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু এত লম্বা লাইন, বুঝতে পারছি না ছেলেকে ডাক্তার দেখাতে পারব কি না।’ উখিয়ার গয়ালমারা গ্রামের সোনা মেহের (৪৫) জানান, ৩০ কিলোমিটার দূর থেকে তিনি এসেছেন। দুপুর ১২টার মধ্যে ফিরতে হবে। রোগাক্রান্ত মেয়েটিকে এ সময়ের মধ্যে চিকিৎসকদের দেখাতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। তাঁর অভিযোগ, রোহিঙ্গা রোগীরা ভিড় করায় স্থানীয় লোকজন চিকিৎসাসেবা পাচ্ছেন না। এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন রোহিঙ্গা নারী রহিমা খাতুন (৪৫)। তাঁর সঙ্গে ছিলেন আরও জনা দশেক রোহিঙ্গা নারী। সবাই এসেছেন শহরের চরপাড়া, বৈদ্যঘোনা ও খাজা মঞ্জিল এলাকা থেকে। রহিমা খাতুন জানান, পাঁচ বছর আগে তাঁরা নাফ নদী পেরিয়ে টেকনাফে অনুপ্রবেশ করেন। দুই বছর আগে টেকনাফ থেকে চলে আসেন কক্সবাজার। এখন অসুস্থ শিশুকে চিকিৎসা করাতে হাসপাতালে এসেছেন তিনি। রোহিঙ্গা মনির উল্লাহ (৪৭) বলেন, ‘পাঁচ দিন ধরে গায়ে জ্বর। কিছু খেতে পারি না। তাই ডাক্তার দেখাতে এলাম। সরকারি হাসপাতালে না এলে আমরা কোথায় যাব? রোহিঙ্গা বলে কী বাঁচার অধিকার আমাদের নেই?’ অনুসন্ধানে জানা গেছে, সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক হাজার ১০০ রোগী চিকিৎসা নেন। এর মধ্যে অর্ধেকের বেশি রোগী রোহিঙ্গা। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের বহির্বিভাগে কর্মরত এক চিকিৎসক জানান, ‘প্রতিদিন গড়ে তিন হাজারের মতো রোগী সেবার জন্য এ হাসপাতালের বহির্বিভাগে ভিড় জমান। আমরা সর্বোচ্চ এক হাজার ২০০ রোগীকে সেবা দিতে পারি। সকালে আগে এসে লাইনে দাঁড়িয়ে যাঁরা টিকিট সংগ্রহ করেন, তাঁরাই সেবার সুযোগ পান।’ সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত জানান, ‘বিপুলসংখ্যক রোগী সেবা নিচ্ছেন ঠিক, কিন্তু আমরা তাঁদের শনাক্ত করতে পারছি না। স্থানীয় লোকজনের সঙ্গে চেহারা ও ভাষায় মিল থাকায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় রোহিঙ্গা শনাক্ত করা গেলেও করার কিছু থাকে না। এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকা প্রয়োজন।’একই অবস্থা চলছে জেলার টেকনাফ, উখিয়া, রামু ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগী সেবা নেন। এর মধ্যে অর্ধেকের বেশি রোহিঙ্গা। সেবা নেওয়ার সময় জাতীয়তার সনদ অথবা ভোটার পরিচয়পত্র প্রদর্শনের ব্যবস্থা থাকলে রোহিঙ্গারা এই অবৈধ সুবিধা নিতে পারত না। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, টেকনাফ ও উখিয়া উপজেলার নয়াপাড়া ও কুতুপালং এলাকায় দুটি শিবিরে মিয়ানমারের ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এই শরণার্থী রোগীদের জন্য এই হাসপাতালে (সদর) চিকিৎসার আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী আরও কয়েক লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গার মধ্যে অনেকে স্থানীয় পরিচয় দিয়ে বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন। এতে চিকিৎসকদের করার কিছু থাকে না। কারণ রোহিঙ্গা শনাক্তকরণের কোনো পদ্ধতি আমাদের (সরকারের) নেই। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে বর্তমানে প্রায় চার লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাস করছেন। এঁরা স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এতে স্থানীয় লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।