বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী পাটকল, ফোরাত কর্ণফুলী কার্পেট ও ডেভেলপমেন্ট ডেকোরেটিভ ফেব্রিক্স (ডিডিএফ) কারখানা আবার সরকারিভাবে চালু হচ্ছে। ১ নভেম্বর বিজেএমসির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল এ লক্ষ্যে কারখানা তিনটি পরিদর্শন করেন। বিজেএমসির উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) প্রকৌশলী মো. শহীদুল্লাহ দলের নেতৃত্ব দেন।সূত্র জানায়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কর্ণফুলী পাটকল সরকারিভাবে চালু ছিল। কিন্তু এটি বছরের পর বছর লোকসান দেওয়ায় এর পরিধি বাড়িয়ে ফোরাত কর্ণফুলী কার্পেট ও ডিডিএফ কারখানা স্থাপন করা হয়। এর পরও লাভের মুখ দেখেনি পাটকলটি। ফলে ২০০৭ সালের ৩১ জুলাই সরকার কল বন্ধ ঘোষণা করে। এ সময় শ্রমিকদের বেতন-ভাতাসহ আনুতোষিক সব পাওনা পরিশোধ করে অব্যাহতি দেওয়া হয়। প্রকৌশলী মো. শহীদুল্লাহ বলেন, ২০০৮ সালের আগস্ট মাস থেকে কর্ণফুলী পাটকল, ফোরাত কর্ণফুলী কার্পেট ও ডিডিএফ কারখানা বেসরকারিভাবে চালুর জন্য ইজারা প্রদান করে তত্ত্বাবধায়ক সরকার। চট্টগ্রামের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান সাদ-মুসা পাঁচ বছরের জন্য কলটি ইজারা নেন। কিন্তু পাট মন্ত্রণালয় চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে পাটকলটি বিজেএমসিকে বুঝিয়ে দেওয়ার জন্য ইজারাদার প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান করে। ফলে পাটকলটি বুঝিয়ে নেওয়ার প্রক্রিয়া হিসেবে কারখানাগুলো পরিদর্শন করা হয়। পাটকলের সহকারী উৎপাদন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্দিষ্ট সময়ে কলটি বুঝে নিয়ে কার্যক্রম পরিচালনা করা গেলে আগামী ডিসেম্বরের মধ্যে উৎপাদনে যাওয়া সম্ভব হবে। ইজারাগ্রহীতা প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক বদিউল আলম বলেন, ‘সরকারি নির্দেশ অনুযায়ী বিজেএমসির হাতে পাটকল হস্তান্তর করার জন্য প্রস্তুত রয়েছি আমরা।’