সরকারের উচিত শিশুপুষ্টির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে শিশুদের জন্য আলাদা করে কোনো বরাদ্দ দেওয়া হয় না। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি খাতে যে বরাদ্দ দেওয়া হয়, তা-ও যথেষ্ট নয়। এর ফলে বহু শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পুষ্টিহীনতায় ভুগছে অনেক শিশু। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।জাতীয় বাজেটে শিশুদের জন্য আলাদা করে বরাদ্দ দেওয়ার বিষয়টি তত্ত্বগত বা বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। তবে বাজেটের বিভিন্ন খাত, যেমন: স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, ক্রীড়া ও সংস্কৃতি খাতে দেওয়া বরাদ্দ থেকে শিশুদের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। এ জন্য সরকারকে আন্তরিক, নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছ ও সহজ হতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ২০১৩ সালে এসে সরকারকে নজর দিতে হবে শিশুপুষ্টির ওপর। বাজেটের স্বাস্থ্য খাতের বরাদ্দ থেকে সামান্য অংশ ‘স্কুল মিল’ শীর্ষক কর্মসূচিতে রাখতে হবে। তিনি জানান, রাজধানী ও এর বাইরে কিছু কিছু স্কুলে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও সরকারের যৌথ প্রয়াসে ‘উচ্চ ভিটামিনযুক্ত বিস্কুট’ বাচ্চাদের খাওয়ানো হয়। হোসেন জিল্লুর মনে করেন, সরকারের পক্ষ থেকে এবং সরাসরি সরকারি ব্যবস্থাপনায় স্কুল মিল কর্মসূচিতে দুধ, ফলসহ বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার সরবরাহ করা উচিত। দেশের অধিকাংশ জনগণই যেখানে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের কারণে নাজেহাল, সেখানে তাঁরা নিজ শিশুদের প্রয়োজনীয় পুষ্টি কীভাবে নিশ্চিত করবেন?—এই প্রশ্ন তুলে হোসেন জিল্লুর বলেন, এমনিতেই দেশে দারিদ্র্যের প্রভাব রয়েছে। দ্রব্যমূল্য ক্রমান্বয়ে বাড়ছে। পাশাপাশি দুধ-ডিম জাতীয় শিশুদের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের জোগানটাও কম। সরকারের উদ্দেশে তিনি বলেন, ভারতের ‘আমুল’ আর বাংলাদেশের ‘মিল্ক ভিটা’ প্রায় একই সময়ে যাত্রা শুরু করলেও, শুধু দুর্নীতি-অনিয়ম এবং সরকারের অবহেলার কারণে আজ মিল্ক ভিটা থেকে দুধের জোগান পাওয়াই মুশকিল। অন্যদিকে ভারতের আমুল দুধ বিদেশে রপ্তানি হয়। হোসেন জিল্লুর দেশের পোলট্রি শিল্পের প্রতি সরকারি নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পোলট্রি শিল্পের প্রতি এখনই সরকার নজর না দিলে কদিন পর মিল্ক ভিটার দুধের মতো মুরগির ডিমও দুষ্প্রাপ্য হয়ে যাবে।সাবেক উপদেষ্টা আরও বলেন, দেশের মধ্যবিত্তরা এখনো নিজেরা না খেয়ে শিশুর পুষ্টি নিশ্চিত করার চেষ্টা করছে। তাই সরকারের উচিত দেশের প্রান্তিক এলাকার শিশুদের পুষ্টির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা।স্বাস্থ্য খাতের বরাদ্দ থেকে শিশুদের জন্য শল্য-চিকিৎসা খাতেও কিছুটা ব্যয় করার প্রয়োজন বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবন্ধী শব্দটি সবার জানা। এর বিভিন্ন ধরনের কথাও সবার জানা। শুধু জানে না, এর ৮০ শতাংশই নিরাময়যোগ্য। সরকারের উচিত এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা। এ বিষয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু গ্রামের মানুষজন এ সম্পর্কে খুব একটা জানে না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রে শিশুর জন্মের সময়ই যেন তাদের শারীরিক প্রতিবন্ধকতা দূর করার ব্যবস্থা বা উপযুক্ত শল্য-চিকিৎসার ব্যবস্থা থাকে, সেটি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।এ ক্ষেত্রে সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ধরনের জনসচেতনতামূলক বিজ্ঞাপন বা শিশুতোষ কার্টুন প্রচারের পরামর্শ দেন তিনি।স্কুল থেকে ঝরে পড়ার হার রোধে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষাকে খুবই জরুরি বলে উল্লেখ করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ছোট্টমণিদের জন্য একটি অন্য রকম আবহাওয়া তৈরি করে। সেখানে হাসতে-খেলতেই তারা দু-চারটা অক্ষর শেখে। অন্য শিশুদের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়, যা পরবর্তীকালে প্রাথমিক স্কুলে এসে তাকে শেখার বিষয়ে আগ্রহ তৈরি করে। তিনি বলেন, দারিদ্র্যের কারণে অনেক শিশু স্কুল ছেড়ে দিচ্ছে। আর পড়তে ভালো লাগে না, শুধু এই কারণেই স্কুলে যেতে চায় না অনেক শিশু। একটা পর্যায়ে এসে পড়াশোনাই ছেড়ে দেয় বাচ্চাটি। রাজধানী বা অন্যান্য জেলা শহরে কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। সরকারের উচিত এ ধরনের শিক্ষাকেন্দ্র গ্রামীণ এলাকায় স্থাপন করা, যাতে গ্রামে শিক্ষার হার বাড়ে।শিশুদের মনোজগৎ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সরকারি প্রচারণার পাশাপাশি পরিবারের প্রতি গুরুত্ব দেন হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে কীভাবে মিশতে হবে, বিপরীত লিঙ্গের প্রতি আচরণ কী হবে, বড়দের মেনে চলা—এসব শিক্ষা শিশুকে দিতে হবে পরিবার থেকেই। এ ছাড়া সরকারি-বেসরকারি স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিভা বিকাশের মতো অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন তিনি। তবে ওই আয়োজন যেন মোটেও বাণিজ্যিক কারণে না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, শিশুদের মনে একবার কোনো নেতিবাচক প্রভাব পড়লে, সেটি থেকে তারা বের হয়ে আসতে পারে না, যা তাদের বিভ্রান্ত ও দিগ্ভ্রষ্ট করে দেয়।শিশুদের খেলাধুলা ও বিনোদনের ওপরও গুরুত্ব দেন হোসেন জিল্লুর রহমান। ক্রমবর্ধমান জনবসতির ভিড়ে খোলা জায়গার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১০টি স্কুলের জন্য অন্তত একটি করে মাঠ বরাদ্দ থাকলে শিশুদের খেলাধুলা করা সম্ভব হয়, যা তাদের শারীরিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে ফাস্টফুডের প্রাদুর্ভাব ও খেলাধুলা না করার কারণে অনেক শিশু বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারেও জনসচেতনতা তৈরি করতে হবে। সাক্ষাৎকার নিয়েছেন অনিকা ফারজানা