সরকারের গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে বাসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখা সম্প্রতি নগরের পুরোনো রেলস্টেশন চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বাসদ (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার সদস্যসচিব অপু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য শফিউদ্দিন কবির, ইন্দ্রানী ভট্টাচার্য, রফিকুল হাসান, আসমা আক্তার প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ‘সরকার আরও এক দফা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে। আবাসিক খাতে এক চুলার গ্যাস বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ ও দুই চুলার বিল ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম ৬৩ শতাংশ ও সিএনজিচালিত অটোরিকশার গ্যাসের দাম ৮৩ শতাংশ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। বাড়ছে বিদ্যুতের দামও। গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি গড়ে ৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসদ নেতারা।
গ্যাস ও বিদ্যুতের এই অযৌক্তিক দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানান বাসদ নেতারা। বিজ্ঞপ্তি।