গ্যাস সংযোগ বন্ধ দীর্ঘদিন। বিদ্যুৎ-সংযোগের ক্ষেত্রে রয়েছে নানা শর্ত। চট্টগ্রামের আবাসন শিল্পের এসব সমস্যা না কাটতেই এই খাতকে অনুৎপাদনশীল শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্যাংক ঋণ পেতে সমস্যায় পড়ছেন আবাসন ব্যবসায়ী ও গ্রাহকেরা। তার সঙ্গে যোগ হয়েছে জমি ও নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা। আবাসন ব্যবসায়ীরা বলছেন, সব ধরনের ব্যয় বৃদ্ধি ও সমস্যার প্রভাব সরাসরি গ্রাহকের ওপর পড়ছে। এই শিল্পের বর্তমান সংকট নিরসনে আলাদা তহবিল গঠন, বিদ্যুৎ-সংযোগে শর্ত শিথিল ও গ্যাস-সংযোগের অনুমতি দিয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম চ্যাপ্টার সূত্র জানায়, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না থাকায় চট্টগ্রামের প্রায় ১৫০টি প্রকল্পের পাঁচ হাজার ফ্ল্যাটে উঠতে পারছেন না গ্রাহকেরা। এ কারণে প্রায় তিন হাজার কোটি টাকার মূলধন আটকে আছে। ব্যাংক ঋণের সুদ, মাসিক ভাড়া ও পরিচালনা বাবদ এসব ফ্ল্যাটের জন্য আবাসন ব্যবসায়ীদের মাসিক খরচ হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. আবদুল কৈয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় চট্টগ্রাম নগরের প্রায় পাঁচ হাজার ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এতে আমাদের মূলধন যেমন আটকে আছে, তেমনি গ্রাহক ফ্ল্যাটে উঠতে না পারায় কিস্তিও আটকে আছে।’আবদুল কৈয়ুম বলেন, ‘এই খাতে ব্যাংক ঋণ প্রদান নিরুৎসাহিত করায় ঋণ পেতেও খুব সমস্যা হচ্ছে। চট্টগ্রামের বেশির ভাগ গ্রাহকই ব্যাংক ঋণ নেন। তাঁরা ঋণ না পেলে ফ্ল্যাট কিনবেন কীভাবে? তাই দ্রুত এই শিল্পের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনের শর্তসাপেক্ষে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থাও নগর এলাকার জন্য বাস্তবসম্মত নয়।’মহানগর প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক মো. আবদুর রহমান বলেন, ‘নতুন প্রকল্পের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা অন্যতম প্রধান সমস্যা। নকশা অনুমোদনের জন্য তিন মাস নির্ধারিত সময় হলেও কমপক্ষে নয় থেকে ১০ মাস সময় লাগে। আর নিয়মিত যোগাযোগ না রাখলে তো দুই বছরের মতো সময় লেগে যায়।’একাধিক আবাসন শিল্প ব্যবসায়ী জানান, নগরে চাহিদার তুলনায় জমির পরিমাণ কম হওয়ায় প্রতিবছর দাম বাড়ছে গড়ে প্রায় ২০০ শতাংশ হারে। এদিকে কাঁচামাল, আমদানিকৃত নির্মাণ উপকরণ ও শ্রমিকের বেতন বৃদ্ধিও ফ্ল্যাটের দাম বৃদ্ধির অন্যতম কারণ। এতে করে নির্দিষ্ট আয়ের গ্রাহকেরা ফ্ল্যাটের প্রতি অনাগ্রহী হয়ে পড়ছেন। চট্টগ্রামে সপ্তম রিহ্যাব মেলা কমিটির আহ্বায়ক ও মেট্রো অ্যাসেটস লিমিটেডের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘এই শিল্পে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে শুল্কমুক্ত সুবিধা দিলে খরচ কমবে। এর প্রভাব পড়বে ফ্ল্যাটের দামে। জমির দাম নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সরকার যদি রিহ্যাবের সহায়তায় এগিয়ে আসে তবেই উত্তরণ সম্ভব।’