সরগম একাডেমির অনুষ্ঠান
সরগম একাডেমির আয়োজনে ওস্তাদ মোহনলাল দাশ ও শিল্পী স্বপন কুমার দাশের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৭ ডিসেম্বর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার এবং একাডেমির পতাকা উত্তোলন করেন গীতিকার আবদুল গফুর হালী ও ওস্তাদ মিহির লালা। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা কাজী মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। বিশেষ আলোচক ছিলেন ইলিয়াস উদ্দিন, সুরজিৎ রাহা, অঞ্জন দাশ ও অরুণ কান্তি মল্লিক। স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
আলোচনা সভার পর সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন অরুণ ভদ্র, মিলি চৌধুরী ও মো. সাজু। গান করেন শিল্পী আবদুর রহিম, সুমন বড়ুয়া ও প্রিয়া বড়ুয়া। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করে আর্য্য সংগীত সমিতি, বাংলাদেশ লোক সংগীত পরিষদ, ছন্দানন্দ সংগীত একাডেমি, শতদল সংগীত একাডেমি ও সরগম একাডেমি। বিজ্ঞপ্তি।