সরগরম আলিয়ঁস ফ্রঁসেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার মাঝে কি একটু অবসর মিলেছে? কী করবেন, ভাবছেন? একটু সময় করে ঘুরে আসুন না রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেস থেকে! মনের মতো কোনো বিষয় আপনাকে টানতেও তো পারে।বাড়ির ফটকের সামনে সব সময় কোনো না কোনো বিষয়ে প্রশিক্ষণের ব্যানার লেগেই থাকে। এই বাড়িতে চলছে ফরাসি ভাষা আর সংস্কৃতির নিভৃত চর্চা। ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র নামে ১৯৫৯ সাল থেকে এখানেই এর পথচলা। ২০০৯-এর ১৯ ফেব্রুয়ারি পূর্ণ হলো এর ৫০ বছর। আলিয়ঁস ফ্রঁসেসের নিচতলায় রয়েছে দারুণ এক ক্যাফে—ক্যাফে লা ভেরন্দা। দোতলায় অফিস, মিলনায়তন ও শ্রেণীকক্ষ আর তিনতলার পুরোটাতেই শ্রেণীকক্ষ। এখানে জমে আড্ডা। আড্ডাবাজদের কেউ আলিয়ঁসের ছাত্র, কেউ সদস্য। ফরাসি প্রতিষ্ঠান বলে ভাববেন না এখানে আপনি এখানে অনাহূত। বরং প্রতিষ্ঠানটি করাই হয়েছে অনেকটা আমার-আপনার জন্য। ফরাসি ভাষা আর সংস্কৃতি ভিন্ন ভাষাভাষীদের কাছে পৌঁছে দিতে এবং সেসব দেশের সংস্কৃতির সঙ্গে ফরাসিদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই ১৮৮৩ সালে প্যারিসে লুই পাস্তুর আর জুলভার্নের মতো বিখ্যাত কয়েকজন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে দুটি শাখা। ঢাকায় ধানমন্ডি ছাড়া আরেকটি অফিস রয়েছে উত্তরায়।সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য আলিয়ঁস ফ্রঁসেসে রয়েছে নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ।এবার জেনে নিন সেসব প্রশিক্ষণের কথা‘স্কুল অব সিনেমা’ নামে এখানে যে বিভাগ আছে, তাতে রয়েছে আলোকচিত্র আর চলচ্চিত্র বানানোর ওপর নানা প্রশিক্ষণের সুযোগ। আলোকচিত্রের কলাকৌশল জানতে শর্ট কোর্স ইন ফটোগ্রাফি, শর্ট কোর্স ইন ডিজিটাল ফটোগ্রাফি কিংবা ডিপ্লোমা ইন ফটোগ্রাফি কোর্সগুলো করে নিতে পারেন। পাঁচ সপ্তাহ থেকে ৬৫ সপ্তাহের এই কোর্সগুলোর ফি পড়বে তিন হাজার থেকে ৩৯ হাজার টাকা পর্যন্ত। ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য লেখার অথবা পরিচালনার সংক্ষিপ্ত এবং ডিপ্লোমা প্রশিক্ষণও নেওয়া যাবে এখানে। পাঁচ সপ্তাহ থেকে ৬৫ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে, আর ফি দুই হাজার থেকে ৫৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত।সিনেমার মতো আলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকায় রয়েছে ‘স্কুল অব মিউজিক’, যেখানে পশ্চিমা সংগীত কিংবা সংগীতায়োজন শিখতে পারেন যে কেউ। চার বছর মেয়াদি পিয়ানো কোর্সে ভর্তি হওয়ার সময় দিতে হবে এক হাজার টাকা, আর প্রতি মাসে এক হাজার ৮০০ টাকা করে। পশ্চিমা ক্লাসিক্যাল গিটার, বেহালা আর সেলো শেখার জন্য রয়েছে এক বছরের প্রশিক্ষণ। ফি পড়বে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।মিউজিক কম্পোজিশনের চার মাসের যে বুনিয়াদি কোর্সটি রয়েছে, সেখানে ভর্তি হওয়ার সময় দিতে হবে দুই হাজার টাকা, আর প্রতি মাসে এক হাজার ৫০০ করে। সিনেমা হলো, গান হলো, নাচ শেখার জন্যও রয়েছে এখানে প্রশিক্ষণের সুযোগ। স্কুল অব ড্যান্সে আপনি শিখতে পারেন লাতিন নৃত্য। অর্থাত্ সালসা, টেঙ্গো, রাম্বা, মাম্বা, চা-চা-চা, ওয়াল্টজের মতো নাচ। প্রাপ্তবয়স্কদের জন্য এই প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। একজনের জন্য ফি চার হাজার আর যুগলদের জন্য ছয় হাজার টাকা। কেবল গান, নাচ, অভিনয় কিংবা সিনেমা বানানো নয়—ঘর সাজানোর প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে আলিয়ঁস ফ্রঁসেসে। ইনটেরিয়র ডিজাইনের ওপর তিন মাসের সংক্ষিপ্ত আর এক বছরের কমপ্রিহেনসিভ কোর্সের ফি পড়বে ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ১০ হাজার টাকার বিনিময়ে আর্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর যে কেউ করতে পারবেন তিন মাসের কোর্স। রয়েছে গার্মেন্টস এবং ফ্যাশন ডিজাইন মার্চেন্ডাইজিংয়ের ওপর ২৪ হাজার টাকা ফি দিয়ে তিন মাসের প্রশিক্ষণ কর্মসূচি।যদি ভাবেন, কেবল প্রাপ্তবয়স্কদের জন্যই সব প্রশিক্ষণ, তাহলে ভুল হবে। কেননা, এখানে শিশুদের জন্য ফ্রাইডে থিয়েটার স্কুলে রয়েছে খেলার মধ্য দিয়ে অভিনয় শেখার সুযোগ। এক বছরের এই কোর্সে সপ্তাহে এক দিন, শুক্রবার দুই ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে শিশুদের। ভর্তি হতে দুই হাজার আর প্রতি মাসের ফি ৫০০ টাকা। এ ছাড়া চিত্রাঙ্কনের ওপর রয়েছে শিশুদের জন্য আলিয়ঁস ফ্রঁসেসের উত্তরা শাখায় তিন মাসের কোর্স। ভর্তি ফি এক হাজার, পর্ব ফি এক হাজার ৫০০, আর পরীক্ষা ফি হিসেবে গুনতে হবে ৫০০ টাকা।যদি কেউ ফ্রান্স কিংবা কানাডায় পড়াশোনা অথবা কোনো আন্তর্জাতিক সংস্থায় কাজ করার স্বপ্ন দেখে থাকেন, তবে তা বাস্তবে রূপ দিতে আপনাকে অবশ্যই ফরাসি ভাষা শিখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি শান্তিরক্ষা মিশনে যোগ দিয়ে বিশ্বের শান্তিরক্ষায় ভূমিকা রাখতে চান, তবে তাঁর অবশ্যই এই কোর্সটি করে রাখা উচিত। কেননা, এখানে এমন অনেকেই এ প্রশিক্ষণ নিয়েছেন, যাঁরা মিশনে কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন কেবল ফরাসি ভাষা জানার জন্য। মনে রাখা উচিত, ফরাসি ভাষাই হচ্ছে বিশ্বের বহুল ব্যবহূত দ্বিতীয় ভাষা।আলিয়ঁস ফ্রঁসেসে সব সময়ই ফরাসি ভাষা শিক্ষার নানা কোর্স চলতে থাকে। আর এসব প্রশিক্ষণ দেন নিজ নিজ ক্ষেত্রে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেরা প্রশিক্ষকেরা। আলিয়ঁস ফ্রঁসেসে মিউজিক কম্পোজিশন শেখান সানী জোবায়ের; যিনি কেবল এ বিষয়ের ওপরই দেশের বাইরে পড়ালেখা করেছেন। এ ছাড়া অভিনয়ে আশীষ খন্দকারের মতো মঞ্চ আর টিভি নাটকের শক্তিশালী অভিনেতা ও নির্দেশক প্রশিক্ষণ দেন। স্কুল অব সিনেমার দায়িত্বে আছেন মুজিবুর রহমান খানের মতো অভিজ্ঞ ব্যক্তি। পিয়ানো, গিটার আর ভায়োলিন শেখান মেহজাবিন রহমান, ইফতেখার আনোয়ার ও ফিলিপ হাজরা। তাঁরা নিজ ক্ষেত্রে সেরাদের অন্যতম। নাচ শেখান রাশিয়ান মাজিদ শিখালিয়েভ। এ ছাড়া স্কুল অব ডিজাইনের দায়িত্বে আছেন তৌফিকুর রহমান খান। তিনিও নিজের বিষয়ে অভিজ্ঞ। আর ফরাসি ভাষা শেখার জন্য এই প্রতিষ্ঠানের বিকল্প নেই। অতএব, এসব প্রশিক্ষণের মান নিয়ে কোনো ধরনের সংশয় নেই।আলিয়ঁস ফ্রঁসেসের প্রোগ্রাম অফিসার কাজী আবদুল্লাহ আল মুক্তাদির জানান, এখানে প্রতি শুক্রবার সন্ধ্যায় রয়েছে সাম্প্রতিক সময়ের ফরাসি চলচ্চিত্র দেখার সুযোগ। দুই হাজার টাকা দিয়ে এক বছর মেয়াদের সদস্য কার্ড সংগ্রহ করে যে কেউ চলচ্চিত্র দেখতে পারেন। এ ছাড়া সদস্যদের জন্য রয়েছে লাইব্রেরি ব্যবহারের সুযোগ। মাল্টিমিডিয়ার এই লাইব্রেরিতে যেমন রয়েছে নানা ধরনের বই, তেমনি রয়েছে ফরাসি সিনেমা আর গানের সংগ্রহ। সদস্যরা এখান থেকে তা বাড়িতেও নিয়ে যেতে পারেন। এখানকার ছাত্রদের সদস্য হওয়ার ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়।আলিয়ঁস ফ্রঁসেস খোলা থাকে প্রতি সোম থেকে বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে রাত নয়টা, শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রতি রোববার সাপ্তাহিক বন্ধ। উদার আমন্ত্রণ সবার জন্য আলিয়ঁস ফ্রঁসেস ঘুরে আসার। নিজেকে সমৃদ্ধ করার সুযোগ এখানে যেমন রয়েছে, তেমনি ব্যস্ততার মধ্যে একটু বিনোদন পাওয়ার সম্ভাবনাও আছে।