সরছে অবৈধ বিলবোর্ডের জঞ্জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ডে ছেয়ে যাওয়া কাজির দেউড়ির স্টেডিয়ামপাড়ার ফুটপাত
বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ডে ছেয়ে যাওয়া কাজির দেউড়ির স্টেডিয়ামপাড়ার ফুটপাত

সিটি করপোরেশন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ বিলবোর্ড থেকে মুক্ত হচ্ছে নগর। বিলবোর্ডের জঞ্জাল সরে যাওয়া নগরের অধিকাংশ এলাকা ফিরে পাচ্ছে নান্দনিক রূপ। গত বছরের ১৬ নভেম্বর শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১৪০টির মতো অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হয়েছে।
নগরের প্রবর্তক মোড়ের সবুজ পাহাড়টি কদিন আগেও ছিল দৃষ্টির আড়ালে। বিশাল আকৃতির একাধিক বিলবোর্ড স্থাপন করা হয়েছিল পাহাড়টির শরীর ঘেঁষে। কিন্তু এখন বিলবোর্ড উচ্ছেদ হওয়ায় পাহাড়ের মন ভরানো নিসর্গ দেখার সুযোগ পাচ্ছে পথচারীরা। কেবল প্রবর্তক মোড় নয়, নগরের বহু এলাকার ফুটপাত ও সড়ক বিভাজকের অবৈধ বিলবোর্ড এখন আর নেই। মাঝে একবার বন্ধ থাকলেও চলতি মাসের শুরুতে বিলবোর্ড উচ্ছেদ আবারও শুরু হওয়ায় স্বস্তি এসেছে নগরবাসীর মধ্যে।
সরেজমিনে দেখা গেছে, নগরের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা মার্কেট, সিডিএ অ্যাভিনিউয়ের ফুটপাত, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের ফুটপাত, গরীব উল্লাহ শাহ মাজার, শিল্পকলা একাডেমীসংলগ্ন এম এম আলী রোড, লালখান বাজার মোড়, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন ফুটপাত, চৌমুহনী মোড়, নিমতলা মোড়, জমিয়াতুল ফালাহ মসজিদের সীমানাপ্রাচীরের পাশের ফুটপাতের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হয়েছে। ফলে এসব এলাকা অনেকটাই নাগরিক চেহারা ফিরে পেয়েছে। অবশ্য কিছু কিছু স্থানে এখনো বিলবোর্ড রয়ে গেছে।
এই অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন নাগরিক কমিটি চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, এটি খুবই দরকারি কাজ। অবৈধ কোনো কিছুকে বাড়তে দেওয়া হলে তা নিয়ন্ত্রণ করা যায় না। চট্টগ্রাম শহর অবৈধ বিলবোর্ডে সয়লাব হয়ে যাচ্ছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে অভিযান চলছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে অবৈধ বিলবোর্ডের সংখ্যার তুলনায় যা অপসারণ করা হচ্ছে তা অপ্রতুল।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছিল অনুমোদনহীন একাধিক বিলবোর্ড। কোনো ধরনের নিয়মনীতি না মেনে বিলবোর্ড লাগানোর ফলে এলাকাগুলোতে হাঁটাচলা ও যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। ঢাকা পড়ে যায় নগরের সৌন্দর্য। সিটি করপোরেশন মাঝেমধ্যে অভিযান চালালেও দ্রুতই আবারও ওই স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন ব্যবসায়ীরা। নগর পুলিশ উদ্যোগ নেওয়ায় বদলে যায় দৃশ্যপট। সিটি করপোরেশন এবং বিলবোর্ড ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের কর্মকর্তারা বৈঠকও করেন। অবশেষে গত বছরের ১৬ নভেম্বর শুরু হয় নগর পুলিশ ও সিটি করপোরেশনের যৌথ অভিযান। এই অভিযান চলে ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে শতাধিক বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। তবে গত ৪ ডিসেম্বর অবৈধ বিলবোর্ড নেই দাবি করে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা করে সিটি করপোরেশন। এরপর নতুন বছরের প্রথম দিন থেকে আবার অভিযান শুরু হয়। অবরোধ ও হরতালসহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে থেমে থেমে চলছে এই অভিযান। এসব অভিযানে নগরের বিভিন্ন মোড়ে আকারের ক্ষেত্রে নীতিমালা ভঙ্গ করে স্থাপন করা বিশাল আকৃতির বিলবোর্ড অপসারণ করা হয়। এসব বিলবোর্ড অপসারণ করায় নগরের সৌন্দর্য অনেকখানি বেড়েছে।

স্টেডিয়ামপাড়ার ফুটপাত অবৈধ বিলবোর্ড মুক্ত। সাচ্ছন্দ্যে চলাচল করছে পথচারী l সৌরভ দাশ
স্টেডিয়ামপাড়ার ফুটপাত অবৈধ বিলবোর্ড মুক্ত। সাচ্ছন্দ্যে চলাচল করছে পথচারী l সৌরভ দাশ

নগরের জিইসির মোড় এলাকায় অবস্থিত সেন্ট্রাল প্লাজা ও সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ঢাকা পড়েছিল বিলবোর্ডের আড়ালে। এ দুটি বিপণিবিতানে বিলবোর্ডের কারণে আলো–বাতাসের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। ১ জানুয়ারি অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ হওয়ায় খুশি এখানকার ব্যবসায়ীরা। সেন্ট্রাল প্লাজার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘ছোট-বড় বিলবোর্ডে পুরো মার্কেট ঢাকা পড়েছিল। আলো-বাতাস চলাচলের পথ বন্ধ করে এলোপাতাড়ি বিলবোর্ড স্থাপন করেন প্রভাবশালী ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে করপোরেশনের কাছে আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত বছরের প্রথম দিন পুলিশ মার্কেটের সামনে থেকে সব বিলবোর্ড অপসারণ করে। এতে স্বস্তি এসেছে ক্রেতা-ব্যবসায়ীদের মধ্যে।’
এদিকে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন ও পুলিশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ ও দৃষ্টিকটু বিলবোর্ড অপসারণের ফলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। নগরের ৪২২টি অবৈধ বিলবোর্ডের বেশ কিছু উচ্ছেদ হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হবে। অভিযানও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর বলেন, ‘অবৈধ বিলবোর্ড অপসারণ করতে গিয়ে নগরবাসীর কাছ থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। গুরুত্বপূর্ণ মোড়গুলোর অনেক বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। আবারও অভিযান শুরু করব।’