সরদার কলোনি
কমলাপুর রেলস্টেশনের অদূরে ব্যাচেলরদের থাকার জন্য বেশ কিছু ভবন আছে। নাম সরদার কলোনি। আমি ঢাকায় থাকি প্রায় ১০ বছর। এমন টাইপের কলোনি বা মেসে আগে কখনো থাকিনি। ছাত্রাবস্থায় বা চাকরির প্রথম দিকে বাসা ভাড়া করে বন্ধুদের সঙ্গে থেকেছি। কিন্তু বন্ধুবান্ধবের বিয়েশাদি কিংবা ঢাকার বাইরে চলে যাওয়ায় আমি পড়ি বিপদে। অফিস মতিঝিল হওয়ায় সরদার কলোনি আমার অফিসের বেশ কাছাকাছি। তাই এক প্রকার বাধ্য হয়েই আমি সেখানে উঠি। ডি-বিল্ডিংয়ের পঞ্চম তলায় চারজনের একটি রুমে আমার সিট। সিট ভাড়া নিতান্তই কম। আমাদের ফ্লোরে ৪৫ থেকে ৫০ জন সদস্য। চারটি বাথরুম। গোসলের জন্য একটি শাওয়ার। সকালে উঠে গোসলের জন্য লাইন দিতে হয়। পানি পড়ার ধারা খুবই দুর্বল। পানিতে শরীর ভেজাতে বেশ সময় লাগে। কিন্তু সময়ও কম। পেছনে লম্বা লাইন। তাই প্রতিদিন কোনো রকম ভিজে গোসল সারা হয়। গোসলখানার কোনো দরজা নেই। আমাদের রুমটা ছারপোকার জন্য বিখ্যাত। এ রুমে কেউ এসে বসেন না। কারণ, তাঁর শরীরের মাধ্যমে ছারপোকা অন্য রুমে চলে যাবে। রাতে শোবার ঘণ্টাখানেক পর অন্ধকার পেয়ে যখন ছারপোকা বেরিয়ে এসে কামড় শুরু করে, তখন বাতি জ্বালিয়ে সেগুলো হত্যার অভিযান শুরু হয়। এই কম্বিং অপারেশন চলে দীর্ঘক্ষণ। তারপর বাকি রাতটা আমার আর ঘুম আসে না। অফিসে গিয়ে ঢুলু ঢুলু চোখে কাজ করতে হয়।মোটামুটি সরদার কলোনির জীবনটা আমার কাছে দুর্বিষহ হয়ে ওঠে। এত কষ্ট আমি মেনে নিতে পারি না। তাই কলোনি ছাড়ার জন্য ভালো মেস খুঁজতে থাকি। ছুটির দিনে একদিন সন্ধ্যায় ডিম সেদ্ধ খাব বলে বুয়ার কাছে রান্নাঘরে যাই, ডিমগুলো সেদ্ধ করতে দেব বলে। গিয়ে আঁতকে উঠি, এ কী! এটি রান্নাঘর না দোজখখানা। পুরো ঘরটির তাপমাত্রা অস্বাভাবিক। বাতাস ঢোকার ব্যবস্থা খুবই কম। তার মধ্যে চারটি গ্যাসের চুলা। তিন-চারজন বুয়া সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ৪৫-৫০ জন মেস মেম্বারের খাবারদাবারের ব্যবস্থা করে। তাই তারা রান্নাঘর থেকে বের হওয়ার সুযোগ পায় কম। দিন-রাতের অধিকাংশ সময় তারা এখানে কাটায়। এটা কী করে সম্ভব? ব্যস্ততার মধ্যে তারা তাদের খাওয়ার সময়টা পর্যন্ত পায় না। দেখি, আমাদের বুয়া রান্না চাপিয়ে কোনো রকম দু-চারটা খাচ্ছে আর তরকারি নাড়ছে। সবার শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। আমি ৩০ সেকেন্ড রান্নাঘরে ছিলাম। আমার প্রায় দম বন্ধ হয়ে এসেছিল। আমি ডিমগুলো দিয়ে দ্রুত বের হয়ে এলাম। বের হয়ে এসে আমার মনটা খারাপ হয়ে গেল। সরদার কলোনিতে আমার কষ্টটাকে খুব ঠুনকো মনে হলো। ভাবলাম, দরিদ্র মানুষের জীবনটা কত কষ্টের। দুবেলা দুমুঠো ভাতের জন্য তাদের কত না কষ্ট করতে হয়। আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। আহা! তাদের সবার জীবনই কোনো না কোনোভাবে এমন কষ্টের, আমরা তাদের জন্য কিছুই করি না বা করতে পারি না। আল আমিন, [email protected]