সরল মেয়ের জটিল ভুল!
তখন আমার প্রি-টেস্ট পরীক্ষা চলছে। আমার যে রুমে সিট পড়েছিল, সেই রুমে ক্লাস টেনের মেয়েরা ছাড়াও ক্লাস সেভেন এবং ক্লাস এইটের মেয়েরাও ছিল। আমাদের যেদিন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, ক্লাস এইটের মেয়েদের সেদিন ছিল চারুকলা পরীক্ষা। আমি যে বেঞ্চে বসেছিলাম, তার পাশের বেঞ্চে ক্লাস এইটের এক মেয়ে বসেছিল। চারুকলা পরীক্ষা দুই ঘণ্টা, এ জন্য এইটের মেয়েরা আমাদের আগে খাতা জমা দিয়ে চলে গেল। আমার পাশের বেঞ্চের সেই মেয়েটাও সব শেষে খাতা জমা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। স্যার যখন ওর খাতা গুছিয়ে রাখবেন, তখন হঠাৎ চিৎকার করে মেয়েটিকে ডাকতে লাগলেন। আমি ভাবলাম, হয়তো খাতায় রোল নম্বর লেখেনি, এ জন্য মেয়েটিকে ডাকছেন। মেয়েটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে স্যার তাকে বিদায় করে দিলেন। এরপর আমাদের উদ্দেশে বললেন, ‘আজ আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কারণ, আজ আমি খুব অদ্ভুত এক জিনিস দেখেছি।’স্যারের কথা শুনে এক মেয়ে বলল, ‘স্যার, কী দেখেছেন?’ স্যার আমাদের আগ্রহী দৃষ্টির দিকে চেয়ে মুচকি হেসে বললেন, ‘তোমরা দেখতে চাও?’ আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, ‘জি স্যার, দেখতে চাই?’ স্যার এবার ক্লাস এইটের ওই মেয়েটির খাতা আমাদের সামনে উঁচু করে ধরলেন। আমি বস্ফািরিত নেত্রে লক্ষ করলাম, মেয়েটির খাতায় একটি মোরগের ছবি আঁকা; কিন্তু মোরগের দুটি পায়ের জায়গায় রয়েছে চারটি পা। দুটি পা সামনে এবং দুটি পা পেছনে। কয়েক মুহূর্ত নীরবতার পর পুরো ক্লাসরুম অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি শুনে পাশের ক্লাসের স্যার আমাদের ক্লাসরুমে উঁকি দিতেই আমাদের স্যার অতি আগ্রহে তাঁকে ‘চার পা-ওয়ালা মোরগ’ দেখাতে লাগলেন। ঘটনার রেশ কাটতে না-কাটতেই দেখা গেল, ‘সরল মেয়েটি’ আবার ফিরে এসেছে। ওকে দেখে আমরা সবাই হাসি শুরু করলাম। তখন স্যার আমাদের থামিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, ‘কী হয়েছে? তুমি আবার এসেছ কেন?’ মেয়েটি আমতা আমতা করে বলল, ‘স্যার, ইয়ে মানে আমি বুঝতে পারিনি মোরগের দুটি পা।’ স্যার বললেন, ‘তুমি কখনো মোরগ খেয়েছ?’ মেয়েটি বলল, ‘জি স্যার, খেয়েছি।’ স্যার বললেন, ‘তাহলে তুমি দেখনি, মোরগ কীভাবে কাটে?’ মেয়েটি অসহায় গলায় বলল, ‘না স্যার, বিশ্বাস করেন, আমি মোরগ সামনাসামনি দেখিনি। এ জন্য প্লিজ স্যার, খাতাটা একটু দেবেন? আমি দুটো পা মুছে দেব।’ তখন স্যার খুব কড়া গলায় বললেন, ‘না, খাতা একবার জমা দিলে তো আর দেওয়া যাবে না।’ মেয়েটি তখন কী বলবে, বুঝতে না পেরে আমাদের দিক অসহায় চোখে তাকাল। আমরা মেয়েটির অবস্থা বুঝতে পেরে স্যারকে নানাভাবে অনুরোধ করলাম, খাতাটি ফেরত দেওয়ার জন্যে। শেষ পর্যন্ত মেয়েটির ‘সরল’ আকুতি-মিনতি ও আমাদের সবার ‘তীব্র’ অনুরোধে অতিষ্ঠ হয়ে স্যার মেয়েটিকে খাতা ফেরত দিয়েছিলেন। অতসী কুণ্ডুঠিকানা পাওয়া যায়নি।