সরষে ফুল
হাতে একটা চকচকে ১০০ টাকার নোট। নোটে একটা লেখা দেখে মেনটুস ছাড়াই দিমারোর বাতি জ্বলে উঠল। লেখাটা হচ্ছে—TULY - 01737674...রাত দুইটার পর কল দিলাম। কয়েকবার কল দেওয়ার পর ওপাশ থেকে একটা মেয়ে ধরল। ‘হ্যালো কে?’‘আপনি কি তুলি?’‘জি। আপনি কে?’‘আমি অর্থমন্ত্রী। হেঁ হেঁ হেঁ...’‘ফাজলামি করার জায়গা পান না।’‘তুমি আমার অর্থের মধ্যে নাম্বার লিখবে আর আমি ফোন করব না।’‘আপনি কি প্রেমালাপ করার জন্য কল করেছেন?’‘আমি বৃদ্ধ বলে কি আমার সঙ্গে প্রেম করা যাবে না? কাজী নজরুল বলেছেন বয়সে বার্ধক্য হয় না, বার্ধক্য হয় মনে। হি... হি... হি...’ ‘আপনি মনে হয় খুব আনন্দে আছেন। দাঁড়ান আনন্দ বের করার ব্যবস্থা করছি।’‘আহা রাগ করছ কেন? কুল উইমেন, কুল।’ ‘তোর কপালে দুঃখ আছে।’‘ওমা, তাই নাকি? তুমি কি জ্যোতিষাচার্য? ভবিষ্যৎ বলতে পারো।’ ওপাশ থেকে লাইনটা কেটে দিল। আবার কল দিলাম। এবার কেউ ধরল না। আবার কল দিলাম। এখন মোবাইল বন্ধ দেখাচ্ছে। মনে তৃপ্তি নিয়ে ঘুমোতে গেলাম। ঘুমের মধ্যে অনেক মজার মজার স্বপ্নও দেখলাম। সকালবেলা পুলিশ এসে পাছায় লাথি দিয়ে গাড়িতে তুলল। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। এক পুলিশকে সাহস করে জিজ্ঞাসা করলাম ‘কী ব্যাপার! আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কেন?’ সেই পুলিশ প্রচণ্ড জোরে গালে চড় মারল। পাঁচ মিনিট চোখে শুধু সরষে ফুল দেখলাম। থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ ‘আগে মাইর পরে কথা’ পলিসি অ্যাপলাই করল। জানতে পারলাম, রাতে যার সঙ্গে কথা বলেছি উনি ডিসি সাহেবের স্ত্রী। লম্বা হয়ে ওসি সাহেবের পায়ে ধরায় বরফ গলল। উনি আর মামলা করলেন না। বিনিময়ে উনার হাত-পা ম্যাসাজ করে বাড়ি ফিরলাম। তার আগে ওসি সাহেব নিজ খরচে আমার মাথা ন্যাড়া করে দিলেন। নাম-ঠিকানা প্রকাশে ভীত