হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রোববার। বিদ্যার দেবীর কৃপালাভের আশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা পূজা আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে অস্থায়ী মণ্ডপ।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি নগরের বিভিন্ন পাড়া-মহল্লায়ও পূজার আয়োজন করা হয়েছে। নগরের উত্তর নালাপাড়ার সার্বজনীন বাণী অর্চনা উদ্যাপন পরিষদ তাদের পূজার থিম ঠিক করেছে ‘পরিচ্ছন্ন সৈকত, বাঁচাও সমুদ্র’। তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই এলাকার উৎসব। প্রথম দিন শনিবার ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মঙ্গল শোভাযাত্রা। দ্বিতীয় দিন রয়েছে দেবীর পূজা, মহাপ্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি। শেষ দিন সোমবার সন্ধ্যায় তাপস কুমারের রচনায় ও চিত্রনায়ক পংকজ বৈদ্যের নির্দেশনায় স্বপ্ন দিয়ে শুরু কান্না দিয়ে শেষনাটক পরিবেশিত হবে। প্রতিবছরের মতো এবারও নগরের জে এম সেন হল প্রাঙ্গণ, হাজারী গলি, এনায়েত বাজার, দেওয়ানজী পুকুর পাড়, মুনস্টার গলি, আলকরণ, সদরঘাট, রহমতগঞ্জ, পাথরঘাটা, দেওয়ানবাজার, সাব এরিয়া, রুমঘাটা, জামালখান, রামকৃষ্ণ মিশন এলাকায় পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম কলেজ, সরকারি সিটি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, চট্টগ্রাম সিটি করপোরেশন কুসুমকুমারী বালিকা উচ্চবিদ্যালয় ও নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ে পূজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কলেজে দিনে পূজা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।