টেকনাফে পাহাড়ের পাদদেশে ১০ হাজার মানুষের বসবাস
সরানোর উদ্যোগ নেই, বর্ষায় পাহাড়ধসে প্রাণহানির শঙ্কা
টেকনাফে পাহাড়ের পাদদেশে বসবাস করা পরিবারগুলো সরানোর উদ্যোগ নেই। বর্ষা এলে শুধু মাইকিং করে দায় সারে প্রশাসন। পরিবেশবাদীরা বলছেন, অতি ঝুঁকিতে থাকা লোকজনকে না সরালে এই বর্ষায়ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
পরিবেশকর্মী ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন প্রায় ১০ হাজার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভার উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামোরা, ধুমপেরাংঘোনা, পল্লানপাড়া ও নাইট্যংপাড়ার পাহাড়ে বাঁশের বেড়া, শণ, গোলপাতা, টিন, পলিথিন ও মাটির তৈরি ঘরে বসবাস করছে কমপক্ষে এক হাজার পরিবার। এসব ঘরে শিশুসহ বিভিন্ন বয়সী ৫ থেকে ১১ জন পর্যন্ত বসবাস করছেন।
ফকিরামোরায় পাহাড়ের পাদদেশে বসবাস করা নবী হোসেন ও সানজিদা বেগম বলেন, ‘ছয় বছর আগে পাহাড়ধসে প্রাণহানির পর সরকারিভাবে খাসজমি বরাদ্দ দেওয়ার কথা বলে তালিকা তৈরি করা হলেও তাদের এখনো পর্যন্ত কোনো জমি দেওয়া হয়নি। তাই পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে হলেও বসবাস করতে বাধ্য হয়েছি।’
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টির সময়ও মাইকিং করা হয়। কিন্তু কেউ সরে না।
বন বিভাগ সূত্র জানায়, টেকনাফ উপজেলাকে তিনটি রেঞ্জে বিভক্ত করা হয়েছে—টেকনাফ, শীলখালী ও হোয়াইক্যং রেঞ্জ। এতে ১৩ হাজার ৮৫৯ হেক্টর বনভূমিতে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করছেন। এর মধ্যে গত বছর অতি ঝুঁকিতে বসবাসরত ৭৫১ পরিবারের একটি তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছিল। পরে তা আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামোরা, ধুমপেরাংঘোনা, গিলাতলি, বৈদ্যরঘোনা, নাজিরঘোনা, শিয়াইল্যারঘোনা, উরুমেরছড়া, পল্লানপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরইতলি, জাহালিয়াপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়াপ্রাং, পানখালী, সিকদারপাড়া, রোজারঘোনা, মিনাবাজার, আমতলি, নোয়াখালী, কচ্চপিয়া, বড়ডেইল, পুরানপাড়া, চাকমাপাড়া, হলবনিয়া, আছারবনিয়া ও শামলাপুর এলাকায় পাহাড়ের পাদদেশে বসতি রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্থাপনা তৈরি করে বসতি গড়ে তোলা হয়েছে।
উপজেলা প্রশাসন ও বন বিভাগ সূত্র জানায়, ২০১৫ সালের ২৭ জুন টেকনাফের বাহারছড়ার পূর্ব পুরানপাড়ায় পাহাড়ধসে মা-মেয়ে মারা যান। বড় দুর্ঘটনা ঘটে ২০১০ সালের ১৫ জুন। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে ৬৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে টেকনাফের ছিল ৩৪ জন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, টেকনাফে পাহাড়ের পাদদেশে সরকারি জায়গা দখল করে ঘর তোলায় সহায়তা করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এসব পাহাড়ে বসবাসকারীদের বেশির ভাগ রোহিঙ্গা।
বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশে বিভিন্ন পাহাড় দখল করে শত শত মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছে। প্রতিবছর পাহাড়ধসে প্রাণহানির ঘটনার পর তাদের সরিয়ে দেওয়া হলেও পুনরায় একই স্থানে আবারও বসতি স্থাপন করে। এ ব্যাপারে গত বছর একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। এ বছর আরও একটি তালিকা তৈরির কাজ চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নতুন তালিকা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়েছে।