সরাসরি বলতেও পারছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মেহতাব খানম
মেহতাব খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। বি. স.

সমস্যা
আমার বয়স ২৫ বছর। পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছি। পড়াশোনার পাশাপাশি একটি টিউশনি করি। প্রায় চার বছর ধরে আমি এক মেয়েকে পড়াচ্ছি। সে এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেছে। ভর্তিও হয়েছে এলাকার একটি কলেজে। বছর খানেক ধরে বুঝতে পেরেছি মেয়েটির প্রতি আমি দুর্বল। আর সে দুর্বলতা ক্রমেই বেড়ে যাচ্ছে। তাকে পড়াতে না গেলে আমার ভালো লাগে না। তার অনুপস্থিতি আমাকে অনেক ভাবায়। শুধু আমিই নই, মনে হয়, সে নিজেও আমার প্রতি দুর্বল। তার আগ্রহেই কলেজে ভর্তি হওয়ার আগে তাকে ফের পড়াতে শুরু করি। অনেক সময় সে আমাকে বলে, তাকে যেন প্রতিদিনই পড়াতে যাই। আমি পড়াতে গেলে নাকি তার পড়তে ভালো লাগে। শুধু তা-ই নয়, আমার স্নাতকোত্তর শেষে অন্যত্র যাওয়ার কথা বললে সে এই শহরেই আমাকে থেকে যাওয়ার কথা বলে।
তার দুর্বলতার বিষয়টি একান্তই আমার নিজের ভাবনা। আমার এ ধারণা ভুলও হতে পারে। এমন অবস্থায় আমি মানসিকভাবে খুব হতাশায় ভুগছি। সামনে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা। এ ছাড়া চাকরির প্রস্তুতির পড়া তো রয়েছেই। কিন্তু আমার কিছুই পড়তে ভালো লাগে না।
এদিকে সে আমার ছাত্রী বলে পছন্দের বিষয়টি সরাসরি বলতেও পারছি না। আবার তাকে ভুলতেও পারছি না। এ অবস্থায় আমি কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তোমার ছাত্রী যখন চার বছর আগে তার গৃহশিক্ষকের সঙ্গে পরিচিত হয়েছিল, তখন সে বয়ঃসন্ধিতে সবেমাত্র পা দিয়েছিল। এর মধ্যে তোমাদের পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। গুরু-শিষ্য সম্পর্ক দিয়ে শুরু হলেও তোমরা যেহেতু একই সঙ্গে দুজন মানুষও—তাই এ ধরনের অনুভূতি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কেউই তো ইচ্ছে করে এই আবেগটি তৈরি করেনি। তোমার ছাত্রীর বয়সী আমাদের সমাজের অনেক মেয়েই পরিবারের বাইরে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সহজভাবে মেশার সুযোগ পায় না। তাই যখন প্রথম কাউকে খুব কাছে থেকে দীর্ঘদিন ধরে জানার সুযোগ পায়, তখন তাকে মনের একটি বিশেষ জায়গায় স্থান দিয়ে ফেলে। তুমিও হয়তো তোমার বয়সের অন্য কোনো মেয়ের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করনি। তাই ওকেই তোমার একইভাবে ভালো লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এই আকর্ষণের কথাটি ওকে জানাবে কি না। তোমাকে নিজেই খুব ভালোভাবে চিন্তা করে এ সিদ্ধান্ত নিতে হবে। তোমার এবং মেয়েটির ভবিষ্যৎ গুরুত্ব বুঝতে হবে। এতে করে তোমার চাকরিজীবনের প্রস্তুতিতে এবং মেয়েটির পড়াশোনার কোনো অসুবিধা হবে কি না। মেয়েটির পরিবার যদি বিষয়টি জানার পর নেতিবাচক প্রতিক্রিয়া করে, তাহলে সে মানসিকভাবে কেমন থাকবে। এ ছাড়া দুজনের পরিবারের সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের পার্থক্য রয়েছে কি না। মেয়েটি এখনো খুব ছোট এবং ওর মধ্যে যুক্তির পরিবর্তে এখন শুধু আবেগই কাজ করার কথা। তুমি যেহেতু প্রাপ্তবয়স্ক, কষ্ট সত্ত্বেও একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যদি মনে হয়, ওর সঙ্গে দেখা হতে থাকলে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছ না, তাহলে কিছুদিন পড়ানো বন্ধ রাখো। এরপর সম্পর্কের সুবিধা-অসুবিধাগুলো একটি কাগজে লিখে একটি পথ বেছে নাও। মেয়েটি সবে কলেজে ঢুকেছে, ওকে তুমি সব সময় উত্সাহিত করবে, সে যেন লেখাপড়া শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।