
জগদ্বিখ্যাত সব শিল্পী যুক্তরাষ্ট্রের লিংকন সেন্টারে তাঁদের শিল্প পরিবেশন করেন। টিভিতে সে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা রীতি হয়ে দাঁড়িয়েছিল। চার দশকের পরম্পরা। ‘লাইভ ফ্রম লিংকন সেন্টার’ নামের তুমুল জনপ্রিয় সে অনুষ্ঠান ৭ অক্টোবর থেকে সম্প্রচার শুরু হয় ফেসবুক লাইভে। শিরোনামে ‘ফেসবুক’ শব্দটা জুড়ে দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস লিখল, ‘ফেসবুক লাইভ ফ্রম লিংকন সেন্টার’। সরাসরি ভিডিও সম্প্রচারের সুবিধা ‘ফেসবুক লাইভ’ এখন এতটাই জনপ্রিয়।
আনন্দ ভাগাভাগির সুযোগ
এই জনপ্রিয় সুবিধার জনপ্রিয়তা সবচেয়ে বেশি তরুণদের কাছে। কারণ? তাৎক্ষণিকতা আর সহজে ব্যবহারযোগ্যতা। যেকোনো বিষয়ে নিজের মতামত তুলে ধরতে পারছেন তাঁরা। ভাগাভাগি করতে পারেন বন্ধু কিংবা অনুসারীদের সঙ্গে। সেটা আনন্দের হোক কিংবা সচেতনতা তৈরির। গত শনিবারের ঘটনা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলছিল ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬। মঞ্চে তখন ভারতের নুরান সিস্টার্স। সে পরিবেশনায় মুগ্ধ হয়ে ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করলেন সাইফুল ইসলাম। ‘চমৎকার!’—এক শব্দে সংগীতের মূর্ছনা ছড়িয়ে দিতে চাইলেন বন্ধুতালিকায়। তাঁর মতো অনেকেই এই উৎসবে গিয়ে ফেসবুকে লাইভ ভিডিও শেয়ার করেছেন। শুধু লোকসংগীত উৎসব নয়, আনন্দ ভাগাভাগি করে নিতে যেকোনো উৎসব থেকেই সরাসরি ভিডিও সম্প্রচারের রীতি দেখা যায় তরুণদের মধ্যে।
মাস খানেক আগে মুক্তার হোসেন গিয়েছিলেন ভারতের লাদাখে। সেখানে ধূসর মরুভূমি কিংবা নীল জলরাশি ফেসবুক লাইভের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন বন্ধুদের কাছে। গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার বিষয়টি তাঁর কাছে ছিল নতুন। যে হোটেলে তিনি ছিলেন, সেটির মূল ফটকের পাশেই গাছে আপেল ধরে থাকতে দেখে তা ফেসবুকে শেয়ার করেন লাইভে। মুক্তার বলেন, আপেল যেমন সতেজ ছিল, সে সতেজতা বন্ধুদের কাছে পৌঁছে দিতে মাধ্যম হিসেবে ফেসবুক লাইভ বেছে নিয়েছিলাম।
নিজের কথা সবার কাছে পৌঁছে দেওয়া যায়
এদিকে নিজে শেয়ার না করলেও লাইভ ভিডিওগুলো থেকে অনেক কিছু জানার আছে বলে মনে করেন মঙ্গোলিয়ার অধিবাসী আয়ুর গানতুলগা। আয়ুর কাজ করেন রেডক্রসে। পরিচিত মানুষদের নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে নেন তাঁরা। সেখানে লাইভ ভিডিওর মাধ্যমে তথ্য আদান-প্রদান কিংবা নির্দেশনা পেয়ে থাকেন তিনি। সে অনুযায়ী কাজ করেন। অনেক সময় শুধু আনন্দের জন্যই বন্ধুদের সঙ্গে আলাদা গ্রুপ তৈরি করে লাইভে আড্ডা দেন। তবে লাইভ ভিডিও থেকে পাওয়া প্রচুর নোটিফিকেশন অনেক সময় বিরক্তির কারণ হয় বলে জানান তিনি।
সরাসরি ভিডিও এখন অনেক কাজেই ব্যবহার করছেন তরুণেরা। কেউ শিক্ষা বিস্তারের মাধ্যম হিসেবে তো কেউ প্রতিবাদের ভাষা হিসেবে। আয়মান সাদিক যেমন ফেসবুক লাইভের মাধ্যমে বিজ্ঞানের কঠিন বিষয়গুলো সহজ করে উপস্থাপন করেন। বন্ধুর সঙ্গে তৈরি করেছেন ১০ মিনিট স্কুল।
নাগরিক সাংবাদিকতার মাধ্যম
নাগরিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক লাইভ। নিজের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছে দেওয়ার সুযোগ এখন সবার হাতে। খাবারের দোকানে দাম বেশি রাখার বিরুদ্ধে আন্দোলনে ভাষা আহমেদের সেই ভিডিও দেখেই সবাই নতুন করে সোচ্চার হয়ে উঠেছেন। কিংবা পুলিশের গুলির নির্মম শিকার ফিলান্দো ক্যাস্টাইলের উল্লেখ এখানে করা যেতে পারে। ফিলান্দোর ওপর অন্যায়ভাবে গুলি চালিয়েছিল পুলিশ। নিরুপায় বান্ধবী ডায়মন্ড রেনল্ডস সে নির্মম দৃশ্য প্রচার করেন ফেসবুক লাইভে। বিশ্বের কোটি মানুষের কাছে পৌঁছে গিয়ে জনমত তৈরি করতে সাহায্য করে তা।
অনেকের কাছে আবার বিরক্তির কারণ
তবে ফেসবুক লাইভ অনেক সময় বিরক্তির কারণে পরিণত হয় বলে জানিয়েছেন অনেক তরুণ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী মো. তানভীরুজ্জামান বলেন, ফেসবুক লাইভ অনেক বিরক্তিকর। গুরুত্বপূর্ণ কিছু নিয়ে লাইভে এলে সেটা ঠিক আছে। তবে বেশির ভাগ ভিডিও অযথা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন আয়েশা জাহান। তাঁর মতে, এই সুবিধার কোনো দরকারই নেই ফেসবুকে।