সরি ভাইয়া
সিনিয়রের গায়ে টাচ লাগলে সরি বলা ক্যাডেট কলেজের একটি অঘোষিত নিয়ম। কোনো সিনিয়রের গায়ে টাচ লাগলে হাত দুটো শক্ত করে সরি বলতে হবে। হাত শক্ত করার এই বিশেষ প্রক্রিয়ার নাম ‘সাবধান’ হওয়া। সপ্তম শ্রেণীর নতুন ক্যাডেট ভর্তি হয়েছে। আমার দায়িত্বে পড়া জুনিয়র ক্যাডেটটিকে বললাম, যেকোনো অবস্থায় কোনো সিনিয়রের সঙ্গে টাচ লাগলেই সাবধান হয়ে শব্দ করে বলবে, সরি ভাইয়া। ও বলল আচ্ছা। এর কয়েক দিন পর মসজিদে মাগরিবের নামাজ পড়ছি। হঠাৎ করেই সেজদার সময় কে যেন শব্দ করে বলে উঠল, ‘সরি ভাইয়া’। মসজিদে তখন পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর নামাজ শেষে তাকিয়ে দেখি আমার দায়িত্বে পড়া সেই জুনিয়র হাঁটু গেড়ে হাত শক্ত করে বসে আছে। আমার চোখে চোখ পড়তেই বলল, ‘সরি ভাইয়া’। ততক্ষণে মসজিদের সবার দৃষ্টি ওর দিকে। আমি বললাম, তোমাকে নামাজের মধ্যে সরি বলতে কে বলেছে? বেচারা ভয়ের চোটে আবার বলল, সরি ভাইয়া। আমার পাশে ততক্ষণে ইমাম সাহেব এসে গেছেন। তিনি বললেন, ‘তোমার নাম কী?’ বেচারা আবার বলল, ‘সরি ভাইয়া’। শুধু আমরাই নয়. ইমাম সাহেবও হেসে দিলেন। এর পর থেকে ওর চোখে চোখ পড়লেই ও সাবধান হয়ে বলত, ‘সরি ভাইয়া’। বেচারার নামই শেষ পর্যন্ত হয়ে গেল, সরি ভাইয়া।ডাইনিং হলে আমাদের খাবার খেতে হয় একসঙ্গে। একই সময়ে। প্রত্যেকের জন্যই আলাদা টেবিল নির্দিষ্ট করা। টেবিলে সিনিয়র-জুনিয়র একসঙ্গে বসতে হয়। সিনিয়রের খাবার জুনিয়রের এগিয়ে দিতে হয়। ক্যাডেট কলেজে এটি একটি বিশেষ নিয়ম কিংবা বলা যায় ভদ্রতা। বিকেলে সাধারণত আমাদের চায়ের সঙ্গে হালকা কিছু খাবার এবং কলা দেওয়া হয়। একদিন বিকেলে টি ব্রেক চলছে। হঠাৎ করে আমার পাশে থাকা জুনিয়র বলে উঠল, সরি ভাইয়া। আমি একটু অবাকই হলাম। কারণ, ওর গায়ে টাচ লাগেনি। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, ওই, সরি বলছ কেন? বেচারার উত্তর, ‘ভাইয়া, জগ সরাতে গিয়ে আপনার কলায় টাচ লাগছে।’পুরো টেবিলের সবাই শব্দ করে হাসল। আমি তাকিয়ে রইলাম ওর দিকে অসহায় দৃষ্টিতে।আমাদের বছরে একবার বার্ষিক বনভোজন হতো। বনভোজনের সময় খাবার সবাই হাতে হাতে প্লেটে করে নিত। একবার বনভোজনের সময় খাবার নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি। সিনিয়রদের লাইন এবং জুনিয়রদের লাইন পাশাপাশি। ভিড় ঠেলে কোনোমতে খাবার নিয়ে বের হয়ে আসছি, এর মধ্যে হঠাৎ ঠাস করে একটা শব্দ হলো। পেছনে তাকিয়ে দেখি এক প্লেট খাবার মাটিতে পড়ে আছে। তার পাশে জনৈক জুনিয়র ক্যাডেট। আমাকে দেখেই, সরি ভাইয়া। আমি কোনোমতে হাসি চেপে যখন চলে আসছিলাম, তখনো দেখলাম ও দাঁড়িয়ে আছে সাবধান হয়ে সেই পুরোনো নিয়ম মেনে।