সরিষাবাড়ির প্যাড়া
জামালপুরের সরিষাবাড়ি থেকে ঘুরে যাবেন আর প্যাড়া মিষ্টি কিনবেন না, তা তো হয় না। এ অঞ্চলের গর্ব বলা যেতে পারে এই মিষ্টি। যাঁরা এর ভক্ত, তাঁরা তো রীতিমতো ফরমায়েশ দিয়ে আনিয়ে নেন এ মিষ্টি।সরিষাবাড়ির অধিকাংশ মিষ্টি ব্যবসায়ী জানান, এ প্যাড়া তাঁরা বাপ-দাদার আমল থেকেই তৈরি করে আসছেন। তবে প্যাড়া তৈরির কৌশল খুব কঠিন না হওয়ায় সরিষাবাড়ির প্রায় সব কটি মিষ্টির দোকানেই এখন প্যাড়া তৈরি হয়। গুণ, মান, স্বাদ ও দামেও বেশি। বর্তমানে প্যাড়া ৩৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ৭০ থেকে ৭২টি প্যাড়া ধরে। সরিষাবাড়ীতে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ কেজি প্যাড়া বিক্রি হয় বলে মিষ্টি ব্যবসায়ীরা জানালেন।শিমলা বাজারের মধু মিষ্টান্ন ভান্ডারের মধুসূদন চন্দ জানান, প্রতিদিন তাঁর দোকানে ২০ থেকে ৩০ কেজি প্যাড়া বিক্রি হয়। চাহিদা অনুযায়ী ঢাকার ঢাকেশ্বরী মন্দির, সিদ্বেশ্বরী মন্দির ও জয়দেবপুরের একটি দোকানে প্রতি সপ্তাহে ৭০ থেকে ৯০ কেজি প্যাড়া পাঠাতে হয়। দিন দিন ঢাকার ওই সব এলাকায় প্যাড়ার চাহিদা বাড়ছে।এমনকি স্থানীয়ভাবেও এর চাহিদা বেশি বলে তিনি জানান।সংগীতা মিষ্টান্ন ভান্ডারের সমিরণ কুমার ঘোষ জানান, প্রথমে দুধ জাল দিয়ে শুকিয়ে ক্ষীর করতে হয়। তারপর ক্ষীর ও চিনির সমন্বয়ে প্যাড়া তৈরি হয়। বর্তমানে ছোট প্যাড়া প্রতিটি তিন থেকে চার টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক দিন সংরক্ষণ করা যায় বলে প্রতিদিন সরিষাবাড়ি থেকে আমেরিকা, কানাডা, ইতালি, রাশিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, দুবাই ও জাপানেও এই প্যাড়া যাচ্ছে।