সরিয়ে নেওয়া হচ্ছে ৮৮ পরিবারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করা ৮৮ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে এসব পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে নোটিশও দেওয়া হয়েছিল।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর তালিকা করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ—এই তিন শাখায় এ তালিকা করা হয়। এসব তালিকায় মোট ৮৮টি পরিবার রয়েছে। এসব পরিবারকে ইতিপূর্বে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে যাওয়ার জন্য কয়েক দফা নোটিশ দেওয়া হয়। সর্বশেষ নোটিশ দেওয়া হয়েছিল গত ২৩ মে। ঝুঁকিপূর্ণ এসব পরিবারের জন্য বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস এলাকায় স্থান বরাদ্দ দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। নিরাপদ স্থানে সরে যেতে এসব পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১২ পাহাড়ি এলাকার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম। এ ছাড়া, ২০০৭ সালের ১১ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ধসে পাঁচজন মারা যায়। এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় এলাকায় পাহাড়ধসে আরও অন্তত পাঁচজনের মৃত্যু ঘটে।জানা যায়, ২০০৭ সালের ৩ জুন ঝুঁকিপূর্ণ পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়। কলা অনুষদের ডিনকে এ কমিটির প্রধান করা হয়।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের পাদদেশে থাকা অতি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ১৮টি পরিবার। ইতিমধ্যে পাঁচটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে যথাক্রমে ৩৯ ও ৩১ পরিবার।এ ছাড়া এর আগে ৯১টি পরিবারের আরেকটি তালিকা করা হয়েছে। এ তালিকার মধ্যে ৬১ পরিবার নিরাপদ স্থানে চলে গেছে।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকায় এসব পরিবারের বসবাস। পাহাড়ধসের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রবাসী কলোনির পরিবারগুলো। এ কলোনির সব পরিবারকে সরে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া সৌখিন, হিল বটম, শাহী, ইসলামিয়া ও আদর্শ কলোনির বেশ কিছু পরিবার ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভূমি দপ্তরের প্রধান জাকের আহমদ বলেন, গত সপ্তাহে প্রবল বর্ষণের সময় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে টানা দুই দিন মাইকযোগে প্রচার করা হয়। স্থানান্তর কমিটির সদস্যসচিব মো. আব্দুল ছবুর প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। নির্ধারিত স্থানে পরিবারগুলো নিজস্ব উদ্যোগে ঘর নির্মাণ করতে হবে।’