সরু কালভার্টে নিত্য যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ততম চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী মডেল থানাসংলগ্ন সরু কালভার্টটি ভোগাচ্ছে যাত্রীদের। নিত্য লেগে থাকছে যানজট। ব্রিটিশ আমলে নির্মিত আট থেকে ১০ ফুটের সরু কালভার্টটি আর প্রশস্ত করা হয়নি। স্থানীয় লোকজন জানান, থানার সামনে সংকীর্ণ কালভার্টটির কারণে সব সময় দীর্ঘ যানজট লেগেই থাকে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের হাজার হাজার মানুষ। সম্প্রতি মডেল থানার কার্যক্রম শুরু হলে থানায় আগত লোকজন ও যানবাহনের কারণে এই যানজট আরও তীব্র হচ্ছে। পুুলিশ সূত্র জানায়, পুলিশ রিফর্ম প্রোগ্রামের আওতায় সারা দেশে মোট ছয়টি মডেল থানার কাজ শুরু করা হয়। যার মধ্যে হাটহাজারী মডেল থানা অন্যতম। গত ১৬ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মডেল থানার নতুন ভবন ও কার্যক্রম উদ্বোধন করেন। এলাকাবাসী আশা করেছিল মডেল থানা নির্মাণের সঙ্গে সঙ্গে এই সরু কালভার্টটিও প্রশস্ত করা হবে। কিন্তু তা হয়নি।হাটহাজারী সদরের বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জামাল উদ্দিন বলেন, ‘এই সরু কালভার্টের কারণে সৃষ্ট যানজটে নাকাল হচ্ছে হাটহাজারীবাসী তথা এ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ। আমরা আশা করেছিলাম নতুন থানা ভবন নির্মাণের সময় সংকীর্ণ কালভার্টটি প্রশস্ত করা হবে। কিন্তু হয়নি। তিনি কালভার্টটি প্রশস্ত করার দাবি জানান।’ নাজিরহাট এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন (৪৫) জানান, প্রতিদিন যাত্রীবাহী গাড়িতে চট্টগ্রাম যাওয়ার পথে এই সরু কালভার্টের কারণে প্রায়ই যানজটে পড়ে অফিসে যেতে দেরি হয়। একইভাবে আসার পথেও সন্ধ্যায় এখানে ভয়াবহ যানজটের কবলে পড়েন তিনি। একটি বেসরকারি ব্যাংকের হাটহাজারী শাখার ব্যবস্থাপক ফরিদ আহমদ প্রথম আলোকে বলেন, ব্যস্ততম হাটহাজারী বাজারের সরু এ কালভার্টের কারণে বাজার এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। তিনি জনদুর্ভোগ নিরসনে কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান। হাটহাজারী বাজারের ব্যবসায়ী ছগির আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, যানজটের কারণে সংকীর্ণ এ কালভার্ট হাটহাজারীর ব্যবসায়ীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম ব্যস্ততম এ সড়কে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘এ কালভার্ট সংস্কার করা হবে।’ এ প্রসঙ্গে বক্তব্য নেওয়ার জন্য প্রথম আলোর পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হাটহাজারী শাখার উপসহকারী প্রকৌশলী মুজিবুল হকের মুঠোফোনে গত সোমবার একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।