সরু গলি ঝুঁকিতে জীবন
নগরের টাইগার পাস মোড়ের কলাতলী এলাকায় ১৫ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সর্বস্ব হারিয়েছেন এখানে বসবাসকারী ২২টি পরিবারের সদস্য। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সদস্যরা আশঙ্কা করেছিলেন আরও ব্যাপক ক্ষয়ক্ষতির।সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, যে বস্তিতে আগুন লেগেছিল, তার পেছনেই বাটালি পাহাড়। বস্তির সামনের অংশে একটি ফিলিং স্টেশন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সরবরাহ লাইন। এ দুটি স্থাপনার মাঝে একটি দুই ফুট প্রস্থের কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় বস্তিটিতে। এখানে অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম আলোকে বর্ণনা করেন ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছার পরই বুঝতে পারি মারাত্মক ঝুঁকি রয়েছে। ফিলিং স্টেশন ও গ্যাস সরবরাহ লাইন খুব কাছাকাছি থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু ঘটনাস্থলে পানির পাইপ নিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। পড়ে বাটালি পাহাড় ও ফিলিং স্টেশনের ছাদে অবস্থান নিয়ে পানি ছিটাই। দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের বিপদ ঘটেনি।’ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নগরের নন্দন কানন, চন্দনপুরা, বাকলিয়া, পাহাড়তলি, মাদারবাড়িসহ বিভিন্ন এলাকার বেশকিছু লোকালয়ের সড়ক অত্যন্ত সরু। কয়েকটি স্থানে পাহাড়ের পাদদেশে ও বস্তিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ। শুষ্ক মৌসুমে এসব স্থান অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরের অন্যতম প্রধান ব্যবসাকেন্দ্র তামাকুমন্ডী লেনের অধিকাংশ গলিই খুবই সরু। পাশাপাশি কয়েকজন হেঁটে যেতেই কষ্ট হয়। এখানকার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মারাত্মক ঝুঁকিতে রয়েছে এ ব্যবসাকেন্দ্র। তামাকুমন্ডী লেনের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম, জহিরুল আলম ও শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে গরমকালে আমাদের হাসফাঁস করতে হয়। অধিকাংশ ভবনই এমন ঠাসাঠাসি করে গড়ে উঠেছে যে কোথাও কোথাও দিনের আলো পর্যন্ত প্রবেশ করে না। কখনো আগুন লাগলে কী হতে পারে, তা কল্পনাও করতে চাই না।’ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পানি মজুদের জন্য তামাকুমন্ডী লেনে কয়েকটি ভূগর্ভস্থ জলাধার আছে। কিন্তু এগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এ বিষয়ে চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী বলেন, ‘তামাকুমন্ডী লেন ও সংলগ্ন রিয়াজউদ্দিন বাজারে প্রায় ২০ হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তামাকুমন্ডী লেনের জলাধারগুলোর মধ্যে কয়েকটি দখল হয়ে গেছে। যেগুলো আছে তা-ও নিয়মিত পরিষ্কার করা হয় না। এখানকার দোকানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলে জানান ছালামত আলী। ফায়ার সার্ভিসের উপপরিচালক রুহুল আমিন বলেন, ‘তামাকুমন্ডী লেনে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের কোনো ব্যবস্থা নেই। দুর্ভাগ্যবশত কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এখানকার জলাধারগুলো উদ্ধার ও নতুন আরও কয়েকটি জলাধার নির্মাণ করা প্রয়োজন।’