সরু রাস্তার মানচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজি লেন। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির একটি সংকীর্ণ সড়কের নাম। সড়ক সংকীর্ণ হলে কী হবে, এখানে রয়েছে দৃষ্টিনন্দন সব বিপণিকেন্দ্র, রেস্তোরাঁ ও ক্যাফে। শহরের বড় মসজিদগুলোর একটি এই সড়কে অবস্থিত। পার্সিয়ান কার্পেটের একটি বড় দোকানও রয়েছে সড়কের এক পাশে। পর্যটকদের একটি বড় আকর্ষণ এই সংকীর্ণ সড়কটি। বড় গাড়ি ঢুকতে না পারলেও ‘গুগল ট্রাইক’ ঠিকই এই সড়কে নিজের জায়গা করে নিয়েছে। এই গুগল ট্রাইক বস্তুটি কী? গুগল ট্রাইক হচ্ছে তিন চাকার একটি যান্ত্রিক যান। এতে রয়েছে রাস্তার ছবি তোলার জন্য একটি ক্যামেরা এবং আইসক্রিম বাক্সের মতো দেখতে একটি বাক্স। এটি সাধারণ কোনো যান নয়। একটি ভিন্ন উদ্দেশ্যসাধনের জন্য যানটি তৈরি করা হয়েছে। এতে সংযুক্ত ক্যামেরায় রয়েছে বেশ কয়েকটি লেন্স, যাতে রাস্তার সব দিকের ছবি একই সময়ে তোলা যাবে। এসব ছবি একটি হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়। পরে এসব ছবি প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় রাস্তার মানচিত্র। এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে কয়েক মাস। সার্চ ইঞ্জিন গুগলের স্ট্রিট ভিউ কর্মসূচির একটি অংশ এটি।২০০৭ সালের মে মাসে গুগলের স্ট্রিট ভিউ কর্মসূচি চালু করা হয়। এর মাধ্যমে বিশ্বের যেকোনো সড়কের ৩৬০ ডিগ্রি আনুভূমিক ও ২৯০ ডিগ্রি উলম্ব দৃশ্য ধারণ করে তা দিয়ে মানচিত্র তৈরি করা হয়। স্ট্রিট ভিউ প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত বিশ্বের ১০০টির বেশি মহানগরের বিভিন্ন এলাকার মানচিত্র তৈরি করা হয়েছে।হাজি লেন সড়কে গুগল স্ট্রিট ভিউ ট্রাইকের চালক সিঙ্গাপুরের ২৭ বছর বয়সী যুবক জেরাম লিন। এই প্রযুক্তি-বিশেষজ্ঞ গুগল লেখা একটি উজ্জ্বল লাল রঙের শার্ট গায়ে দিয়ে ও মাথায় গুগল হেলমেট পরে টানা ১৫ দিন ধরে হাজি লেন সড়কের গুগল ট্রাইক চালান এবং অবিরাম সড়কের ছবি তোলেন। তবে তাঁর এ কাজটা খুব সহজ ছিল না। অদ্ভুত এই যান দেখে পর্যটকেরা তাঁকে ঘিরে ধরে আর নানা প্রশ্নে জর্জরিত করে তোলে। পর্যটকেরা তাঁর ছবি তোলে। লিন ধৈর্যের সঙ্গে তাঁদের সব প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া গুগল ট্রাইকের ওজন ১৩০ কেজিরও বেশি। এটি চালাতে বেশ খানিকটা শক্তিও লাগে তার। গুগল কর্তৃপক্ষ সিঙ্গাপুরে স্ট্রিট ভিউ ট্রাইক আনে এক বছর আগে। জনাকীর্ণ সংকীর্ণ সড়কের মানচিত্র তৈরির জন্য ছবি তোলার কাজে মূলত এই যান সিঙ্গাপুরে আনা হয়। যেসব সড়কে বড় গাড়ি ঢুকতে পারে না বা যেসব এলাকায় সেখানকার মালিকের অনুমতি ছাড়া প্রবেশ করা সম্ভব নয়, সেসব এলাকায় যায় স্ট্রিট ভিউ ট্রাইক।এই স্ট্রিট ভিউ ট্রাইকের ধারণা যার মাথা থেকে বের হয়েছে, তিনি হলেন গুগলের জ্যেষ্ঠ যন্ত্র প্রকৌশলী ড্যান র্যাদার। একবার র্যাদার স্পেনের রাজধানী বার্সেলোনায় গিয়েছিলেন ব্যক্তিগত একটি কাজে। একদিন বাইরের কাজ শেষে হোটেলে ফেরার জন্য তিনি একটি ট্যাক্সিক্যাব ভাড়া করেন। ক্যাবের চালক তাঁকে হোটেল থেকে অনেক দূরে একটি জায়গায় নামিয়ে দেন। চালক বলেন, যেহেতু হোটেলটি একটি সংকীর্ণ সড়কে অবস্থিত। তাই তিনি ওই সড়কে যেতে পারবেন না। এরপর ভীষণ বিপাকে পড়েন র্যাদার। সংকীর্ণ ওই সড়কে নিজের হোটেলটি খুঁজে পেতে তাঁকে বেশ বেগ পেতে হয়। তিনি অনুভব করলেন, এ ধরনের সংকীর্ণ সড়কের মানচিত্র যদি গুগল ম্যাপে পাওয়া যেত, তাহলে তাঁকে এই হয়রানির শিকার হতে হতো না। তখন তিনি সংকীর্ণ সড়কে চলার উপযোগী যানের কথা চিন্তা করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের কার্যালয়ে যান এবং একটি ত্রি চক্রযানের নকশা তৈরি করেন, যা যেকোনো সড়কের মানচিত্র তৈরিতে সহায়তা করবে। এরপর স্থানীয় বাইকের দোকান থেকে যন্ত্রাংশ কিনে স্ট্রিট ভিউ ট্রাইকের একটি প্রটোটাইপ তৈরি করেন। সেই প্রটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি হয় গুগল স্ট্রিট ভিউ ট্রাইক।রিডার্স ডাইজেস্ট অবলম্বনে